প্রো সংস্করণ ছাড়াই জেমিনির তিনটি নতুন মডেল উন্মোচন করেছে গুগল
গুগল ডিপমাইন্ড জেমিনি সিরিজে তিনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছে। নতুন মডেলগুলো হলো জেমিনি ৩.৬ ফ্ল্যাশ, জেমিনি ৩.৫ ফ্ল্যাশ লাইট এবং জেমিনি ৩.৫ ফ্ল্যাশ সাইবার। তবে প্রত্যাশিত প্রো সংস্করণ এবারও প্রকাশ করা হয়নি।
গুগলের ভাষ্য অনুযায়ী, জেমিনি ৩.৬ ফ্ল্যাশ তাদের প্রধান কার্যকর বা ওয়ার্কহর্স মডেল, যা কোডিং, জ্ঞানভিত্তিক কাজ এবং মাল্টিমোডাল সক্ষমতায় উন্নত পারফরম্যান্স দেবে। একই সঙ্গে এটি আগের সংস্করণের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম টোকেন ব্যবহার করে, ফলে খরচও কম হবে।
জেমিনি ৩.৫ ফ্ল্যাশ লাইটকে সবচেয়ে সাশ্রয়ী সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে, যা কম খরচে দ্রুত সেবা দিতে সক্ষম। অন্যদিকে জেমিনি ৩.৫ ফ্ল্যাশ সাইবার বিশেষভাবে সাইবার নিরাপত্তা খাতে ব্যবহারের জন্য তৈরি। এটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সহায়তা করবে। এই মডেলটি আপাতত সীমিত পরিসরে সরকার ও নির্ভরযোগ্য অংশীদারদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত রাখা হয়েছে।
গুগল জানিয়েছে, নতুন এই মডেলগুলোর মূল লক্ষ্য হলো দক্ষতা, গতি এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা, বিশেষ করে যারা বৃহৎ পরিসরে এআই এজেন্ট তৈরি করছে তাদের জন্য।
তবে এই ঘোষণায় সবচেয়ে আলোচিত বিষয় হলো জেমিনি প্রো সংস্করণের অনুপস্থিতি। জেমিনি প্রো সাধারণত জটিল বিশ্লেষণ ও উন্নত কোডিংয়ের জন্য গুগলের সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে বিবেচিত। এটি সর্বশেষ আপডেট হয়েছিল ফেব্রুয়ারিতে, এরপর থেকে নতুন সংস্করণের জন্য অপেক্ষা চলছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্ধারিত মানদণ্ড পূরণে বিলম্ব হওয়ায় প্রো সংস্করণ উন্মোচন পিছিয়ে গেছে। গুগল জানিয়েছে, তারা বর্তমানে জেমিনি ৩.৫ প্রো অংশীদারদের সঙ্গে পরীক্ষা করছে এবং শিগগিরই এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে গুগল আরও জানিয়েছে, পরবর্তী প্রজন্মের জেমিনি ৪ মডেল নিয়েও তাদের কাজ চলছে, যা কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি।