কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা এআই অ্যাপ আনছে ফেসবুক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১০

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা এআই অ্যাপ আনছে ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটরদের সহায়তায় নতুন একটি এআইভিত্তিক অ্যাপ চালু করতে যাচ্ছে ফেসবুক। ‘ক্রিয়েটর স্টুডিও’কে নতুনভাবে সাজিয়ে এটিকে একটি স্বতন্ত্র অ্যাপে রূপ দেওয়া হচ্ছে, যা ক্রিয়েটরদের কনটেন্ট তৈরি, বিশ্লেষণ ও দর্শক বাড়াতে সহায়তা করবে।

মেটা জানিয়েছে, নতুন এই অ্যাপটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষা করা হচ্ছে। এতে ফেসবুকের এআই ক্রিয়েটর সহকারী যুক্ত থাকবে, যা ব্যবহারকারীর কনটেন্টের ধরন, পারফরম্যান্স, দর্শকের সম্পৃক্ততা এবং নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ব্যক্তিগত পরামর্শ দেবে।

এআই সহকারীটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারবে। যেমন কখন পোস্ট করা ভালো, কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে বা দর্শকের প্রতিক্রিয়া কেমন। প্রয়োজন হলে ব্যবহারকারীরা একই বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করে আরও বিশদ তথ্যও জানতে পারবেন।

অ্যাপটিতে এআইচালিত কমেন্ট ব্যবস্থাপনা সুবিধাও থাকবে। এটি গুরুত্বপূর্ণ মন্তব্য আলাদা করে দেখাবে এবং নির্মাতার ভাষাশৈলীতে সম্ভাব্য উত্তর তৈরি করে দেবে। ব্যবহারকারী চাইলে তা সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিন অ্যাপটি খুললে নির্মাতারা একটি অগ্রাধিকার তালিকা দেখতে পাবেন, যেখানে নতুন পোস্টের পারফরম্যান্স, লক্ষ্যমাত্রার অগ্রগতি এবং উত্তর প্রয়োজন এমন মন্তব্যগুলো তুলে ধরা হবে।

প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে মেটা এই উদ্যোগ নিয়েছে। টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে সক্রিয় রাখতে এই ধরনের এআই টুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন