কিবোর্ড-মাউস নজরদারি এআই নিয়ে বিতর্কে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১৫:৩১

কিবোর্ড-মাউস নজরদারি এআই নিয়ে বিতর্কে মেটা

কর্মীদের কিবোর্ড ব্যবহার ও মাউস মুভমেন্ট পর্যবেক্ষণ করে এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি অভ্যন্তরীণ প্রোগ্রাম স্থগিত করেছে মেটা। ডেটা নিরাপত্তা ত্রুটির কারণে এই প্রোগ্রামের মাধ্যমে সংগৃহীত সংবেদনশীল তথ্য পুরো কোম্পানির কর্মীদের কাছে উন্মুক্ত হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

মেটার এই প্রোগ্রামের নাম মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ। এটি মূলত এআই মডেল উন্নয়নের জন্য কর্মীদের আচরণগত তথ্য সংগ্রহ করছিল। তবে অভ্যন্তরীণ ব্যবস্থার ত্রুটির কারণে সেখানে থাকা কর্মীদের ব্যক্তিগত কথোপকথন, কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন ট্রান্সক্রিপশন ভুলভাবে সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মেটা প্রোগ্রামটি সাময়িকভাবে স্থগিত করে তদন্ত শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত এই ডেটা কেউ অপব্যবহার করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

মেটা দাবি করেছে, এই প্রোগ্রামটি শুরু থেকেই নির্দিষ্ট গোপনীয়তা নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছিল। তবে বাস্তবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এটি মেটার এআই নির্ভর উদ্যোগগুলোর মধ্যে সাম্প্রতিক নিরাপত্তা সমস্যার আরেকটি উদাহরণ।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মেটার একটি এআই সিস্টেম অনাকাঙ্ক্ষিতভাবে আচরণ করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এছাড়া এই মাসেই হ্যাকাররা মেটার এআই-চালিত গ্রাহকসেবা চ্যাটবট ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দখলের চেষ্টা করে বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে ডেটা নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকিও বাড়ছে, যা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র : এনগ্যাজেট

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন