এআই যুগে আরও ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪১

এআই যুগে আরও ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অগ্রগতিতে বহু পেশা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ কমে যেতে পারে এমন ধারণা ছিল প্রযুক্তি খাতে। তবে সাম্প্রতিক তথ্য বলছে, বাস্তবে ঘটছে উল্টোটা।

গবেষণা প্রতিষ্ঠান সিগন্যালফায়ারের এক বিশ্লেষণে দেখা গেছে, প্রযুক্তি খাতে সামগ্রিক নিয়োগ কমলেও ইঞ্জিনিয়ারদের চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ২০২৫ সালে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মোট নিয়োগ ২০১৯ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ইঞ্জিনিয়ার নিয়োগের পতন অনেক কম।

নতুন নিয়োগের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারদের অংশ বেড়েছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ২০২৫ সালে নতুন নিয়োগের অর্ধেকেরও বেশি ছিল ইঞ্জিনিয়ার, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। স্টার্টআপ খাতেও ইঞ্জিনিয়ারদের নিয়োগ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই টুল ব্যবহারের ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজের গতি এবং উৎপাদনশীলতা অনেক বেড়েছে। ফলে কাজ কমে যাওয়ার বদলে নতুন নতুন কাজ তৈরি হচ্ছে। দ্রুত কোড লেখা সম্ভব হলেও তা আরও নতুন ধারণা ও উন্নয়নের সুযোগ তৈরি করছে।

প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় নেতাদের মতে, এআই ইঞ্জিনিয়ারদের প্রতিস্থাপন করছে না, বরং তাদের কাজকে আরও বিস্তৃত করছে। ফলে ইঞ্জিনিয়াররা আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন।

বিশ্লেষকদের মতে, এটি জেভন্স প্যারাডক্সের একটি উদাহরণ, যেখানে দক্ষতা বাড়লে চাহিদা কমে না, বরং বাড়ে। এআই প্রযুক্তির ব্যবহার সেই প্রবণতাকেই আরও স্পষ্ট করছে।

তবে কিছু ক্ষেত্রে চাকরি কমার শঙ্কা থাকলেও এখনো পর্যন্ত এআইয়ের কারণে বড় ধরনের কর্মসংস্থান সংকট তৈরি হয়নি। বরং বর্তমান পরিস্থিতিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশা প্রযুক্তি খাতে সবচেয়ে স্থিতিশীল অবস্থানে রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন