এআই সহকারীসহ মেটার নতুন স্মার্ট চশমা উন্মোচন
পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে নতুন স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। ‘মেটা গ্লাসেস’ নামে এই ডিভাইসগুলোতে এআই সহকারী যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজে সহায়তা করবে।
নতুন এই চশমাগুলোতে রে-ব্যান বা ওকলির ব্র্যান্ডিং রাখা হয়নি। বিভিন্ন রঙ ও লেন্সের বিকল্পে একাধিক দেশে এটি বাজারে আনা হয়েছে, যার দাম শুরু হচ্ছে ২৯৯ ডলার থেকে।
চশমাটিতে কোনো ডিসপ্লে না থাকলেও এতে ক্যামেরা ও ব্যক্তিগত স্পিকার রয়েছে। একটি নির্দিষ্ট বোতাম চাপলে মেটার এআই সহকারী চালু হবে, যা ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন তথ্য সরবরাহ করতে সক্ষম।
মেটার দাবি, একবার চার্জে এই চশমা আট ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।

নতুন সিরিজে ‘মেটা অ্যাডভেঞ্চারার’ ও ‘মেটা ফিউরি’ নামে দুটি ফ্রেম ডিজাইন রয়েছে। পাশাপাশি মার্কিন মডেল কাইলি জেনারের সঙ্গে যৌথভাবে তৈরি একটি বিশেষ সংস্করণও থাকছে, যা আলাদা ডিজাইনের জন্য নজর কাড়ছে।
এই স্মার্ট চশমার এআই সহকারী আশপাশের পরিবেশ বুঝতে পারে এবং ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। ভবিষ্যতে এতে হাঁটার জন্য দিকনির্দেশনা দেওয়ার সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
এ ছাড়া লাইভ অনুবাদ সুবিধায় নতুন ১৪টি ভাষা যুক্ত করা হচ্ছে, যার মধ্যে জাপানি, চীনা, হিন্দি ও কোরিয়ান ভাষাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দামে এআই সুবিধাসম্পন্ন এই স্মার্ট চশমা বাজারে এনে মেটা ওয়্যারেবল প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাচ্ছে।