সোশ্যাল মিডিয়ায় ফিড নিয়ন্ত্রণ এখন ব্যবহারকারীর হাতে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট দেখানোর নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে মূলত অ্যালগরিদমের হাতে ছিল। ব্যবহারকারীরা ফলো, লাইক বা হাইডের মাধ্যমে কিছুটা প্রভাব ফেলতে পারলেও, কী ধরনের পোস্ট সামনে আসবে তা নির্ধারণ করত প্ল্যাটফর্মই। তবে এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
ইনস্টাগ্রাম, থ্রেডস এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো এখন ব্যবহারকারীদের হাতে ফিড নিয়ন্ত্রণের আরও বেশি ক্ষমতা দিচ্ছে। এআই-ভিত্তিক নতুন টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী অ্যালগরিদমকে কাস্টমাইজ করতে পারছেন, ফলে ফিড আরও ব্যক্তিগত হয়ে উঠছে।
এই পরিবর্তনের ফলে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আগের ‘একই কনটেন্ট সবার জন্য’ মডেল থেকে সরে গিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো হয়ে উঠছে, যেখানে ব্যবহারকারী নিজের আগ্রহ অনুযায়ী কনটেন্ট নির্বাচন করতে পারেন।
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম সম্প্রতি ‘ইওর অ্যালগরিদম’ নামে একটি ফিচার চালু করেছে। এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা দেখতে পারেন কোন বিষয়গুলো তাদের ফিড নির্ধারণ করছে এবং সেগুলো পরিবর্তন করতে পারেন। চাইলে কোন বিষয় বেশি বা কম দেখবে, সেটাও নির্ধারণ করা যায়।

থ্রেডস
থ্রেডস অ্যাপে যুক্ত হয়েছে ‘ইওর অ্যালগো’ ফিচার। এখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বেশি বা কম কনটেন্ট দেখতে পারেন এবং এই সেটিংস এক থেকে সাত দিনের জন্য প্রযোজ্য রাখা যায়। এর আগে থাকা ‘ডিয়ার অ্যালগো’ ফিচারে ব্যবহারকারীদের পোস্ট লিখে নিজের পছন্দ জানাতে হতো।

টিকটক
টিকটকে আগে থেকেই ‘ম্যানেজ টপিকস’ নামে একটি ফিচার চালু রয়েছে। এতে ব্যবহারকারীরা স্পোর্টস, ট্রাভেল, ফুড বা কমেডির মতো বিভিন্ন বিষয়ের কনটেন্ট কতটা দেখতে চান তা নির্ধারণ করতে পারেন। সাম্প্রতিক সময়ে এতে যুক্ত হয়েছে এআই-চালিত স্মার্ট কিওয়ার্ড ফিল্টার, যা শুধু নির্দিষ্ট শব্দ নয়, সমার্থক শব্দও ফিল্টার করতে পারে।

বিশ্লেষকদের মতে, এআই-চালিত এই পরিবর্তন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রিত করছে। একই সঙ্গে এটি প্ল্যাটফর্মগুলোর জন্য এনগেজমেন্ট বাড়ানোর নতুন সুযোগ তৈরি করছে, কারণ ব্যবহারকারীরা এখন আরও নির্দিষ্টভাবে তাদের পছন্দের কনটেন্ট পাচ্ছেন।