অ্যাপলের পুরোনো ফোন ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১৩:৫২

অ্যাপলের পুরোনো ফোন ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা

অ্যাপলের পুরোনো আইফোন মডেলগুলোতে নতুন এক নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, এই ত্রুটি এমন একটি স্তরে পাওয়া গেছে, যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় এবং নির্দিষ্ট পরিস্থিতিতে ডিভাইস জেলব্রেক করার পথও খুলে দিতে পারে।

বার্সেলোনাভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যারাডাইম শিফট সম্প্রতি ‘usbliter8’ নামে এই দুর্বলতার বিস্তারিত প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি অ্যাপলের কিছু পুরোনো চিপের বুট রম স্তরে প্রভাব ফেলে, যা ডিভাইস চালুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ধাপ হিসেবে কাজ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ত্রুটি অ্যাপলের এ১২ ও এ১৩ চিপে পাওয়া গেছে। এসব চিপ ব্যবহৃত হয়েছে আইফোন এক্সএস, এক্সআর এবং আইফোন ১১ সিরিজসহ কিছু পুরোনো ডিভাইসে। ফলে এসব মডেলের ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এই দুর্বলতা কাজে লাগাতে হলে ডিভাইসে শারীরিকভাবে প্রবেশাধিকার প্রয়োজন, যেমন কেবল সংযোগের মাধ্যমে ফোনে অ্যাক্সেস নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, এটি এককভাবে সম্পূর্ণ ডিভাইস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়, তবে অন্যান্য দুর্বলতার সঙ্গে যুক্ত হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুট রম স্তরের এই ত্রুটি স্থায়ী কোডে বিদ্যমান, যা পরিবর্তন বা আপডেট করা সম্ভব নয়। তাই সফটওয়্যার আপডেট দিয়ে এটি ঠিক করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে নতুন ডিভাইসে আপগ্রেড করা। পাশাপাশি তারা সতর্ক করেছেন, যেকোনো ধরনের অজানা বা অননুমোদিত সংযোগ থেকে ডিভাইসকে দূরে রাখা জরুরি।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনা আবারও দেখিয়ে দিলো যে উন্নত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও হার্ডওয়্যার-ভিত্তিক ত্রুটি দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন