যুক্তরাষ্ট্রে শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা
শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। অভিযোগে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে আইন ভঙ্গ করছে প্রতিষ্ঠানটি।
ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেইয়ার রাজ্য আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, টিকটক ইচ্ছাকৃতভাবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ দিচ্ছে এবং তাদের সামনে সহিংস ও অশালীন কনটেন্ট প্রদর্শনের ঝুঁকি কমিয়ে দেখাচ্ছে।
তিনি বলেন, ‘টিকটক সচেতনভাবেই অভিভাবকদের বিভ্রান্ত করছে এবং শিশুদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে, যা ফ্লোরিডার আইনের সরাসরি লঙ্ঘন।’
মামলায় টিকটককে আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনতে আদালতের নির্দেশনা এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি মূল্যায়ন করছে এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। ইতোমধ্যে ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্থগিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফ্লোরিডার আইন অনুযায়ী, ১৪ বছরের নিচে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। আইনটি ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যদিও একটি ফেডারেল আদালত এটি স্থগিত করেছিল, যা পরে সাময়িকভাবে পুনর্বহাল করা হয়।
যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টিরও বেশি অঙ্গরাজ্য ইতোমধ্যে টিকটকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তরুণ ব্যবহারকারীরা এতে আসক্ত হয়ে পড়ে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক মাধ্যমও একই ধরনের অভিযোগে বিভিন্ন মামলা মোকাবিলা করছে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা ব্যবহারকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।