ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের অভিযোগ টিকেনি আদালতে
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের অভিযোগ আদালতে টিকেনি। ট্রেড সিক্রেট চুরির অভিযোগে করা এক্সএআইয়ের মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত, যেখানে বলা হয়েছে; অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
সান ফ্রান্সিসকোর যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারক রিটা লিন রায়ে উল্লেখ করেন, ওপেনএআই ইচ্ছাকৃতভাবে এক্সএআইয়ের সাবেক প্রকৌশলী শুয়েচেন লিকে গোপন তথ্য ফাঁস করতে প্ররোচিত করেছে; এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ওপেনএআইয়ের পক্ষ থেকে ওই প্রকৌশলীর মাধ্যমে গোপন তথ্য নেওয়ার বিষয়ে জানাশোনার দাবিও প্রতিষ্ঠিত হয়নি।
আদালত মামলাটি ‘উইথ প্রেজুডিস’ ভিত্তিতে খারিজ করেন, অর্থাৎ একই অভিযোগে পুনরায় মামলা করার সুযোগ থাকছে না। এর আগে ফেব্রুয়ারিতেও মামলার একটি সংস্করণ খারিজ হয়েছিল।
এই রায়ের মাধ্যমে গত চার সপ্তাহে ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের দ্বিতীয় আইনি পরাজয় হলো। এর আগে মে মাসে ওপেনএআইয়ের বিরুদ্ধে করা আরেকটি বড় অঙ্কের মামলাও জুরি বোর্ডে খারিজ হয়ে যায়।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ওপেনএআই এক্সএআইয়ের ‘গ্রোক’ চ্যাটবট-সম্পর্কিত গোপন তথ্য নেওয়ার চেষ্টা করেছে। তবে বিচারক বলেন, চাকরিপ্রার্থীদের আগের কাজ সম্পর্কে জানতে চাওয়া স্বাভাবিক প্রক্রিয়া, এটিকে গোপন তথ্য ফাঁসের প্ররোচনা হিসেবে ধরা যায় না।
ওপেনএআই তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই মামলা ভিত্তিহীন এবং এটি মাস্কের চলমান চাপ প্রয়োগের অংশ।
উল্লেখ্য, এক্সএআইয়ের সাবেক ওই প্রকৌশলীর বিরুদ্ধে আলাদাভাবে মামলা করেছে প্রতিষ্ঠানটি, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।