১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাটে কনটেন্ট শেয়ারিংয়ে নতুন সীমাবদ্ধতা
কিশোর ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত হয়রানি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে নতুন কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন নিয়ম অনুযায়ী ১৩ থেকে ১৫ বছর বয়সীরা এখন থেকে শুধু নিজেদের অনুসরণ করা এবং যাদের তারা অনুসরণ করেন, তাদের সঙ্গেই স্পটলাইট পোস্ট শেয়ার করতে পারবেন।
কোম্পানিটি জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য আলাদা প্রোফাইল ব্যবস্থা চালু করা হচ্ছে। এই প্রোফাইলের মাধ্যমে তারা স্টোরি ও স্পটলাইট কনটেন্ট শুধুমাত্র পরিচিত ও পারস্পরিক অনুসারীদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
নতুন নিয়মে কিশোরদের পোস্টে লাইক বা ফেভারিট কাউন্টের মতো এনগেজমেন্ট মেট্রিকও দেখানো হবে না, যাতে জনপ্রিয়তা নিয়ে চাপ তৈরি না হয়।
এর আগে এই বয়সী ব্যবহারকারীরা স্পটলাইটে সবাইকে লক্ষ্য করে কনটেন্ট পোস্ট করতে পারতেন, যদিও সেটি তাদের প্রোফাইলের সঙ্গে সরাসরি যুক্ত থাকত না।
নতুন নীতিমালায় ১৬ থেকে ১৮ বছর বয়সীরা তুলনামূলক বেশি স্বাধীনতা পাবেন। তারা স্পটলাইট পোস্ট পাবলিকভাবে শেয়ার করতে পারলেও তা মূলত বন্ধু, ফলোয়ার এবং পারস্পরিক সংযোগ থাকা ব্যবহারকারীদের মধ্যেই সীমিত থাকবে।
অভিভাবকদের জন্য সেফটি ফিচারও রাখা হয়েছে। ফ্যামিলি সেন্টারের মাধ্যমে তারা সন্তানদের অ্যাপ ব্যবহারের সময় ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, কিশোর ব্যবহারকারীদের জন্য অনাকাঙ্ক্ষিত মেসেজ ও অচেনা ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ ইতোমধ্যে সীমিত করা হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক মাধ্যমও কিশোরদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে।
বিশেষজ্ঞদের মতে, কিশোরদের মানসিক চাপ ও অনলাইন ঝুঁকি কমাতে বড় প্ল্যাটফর্মগুলো এখন আরও কঠোর কনটেন্ট নীতির দিকে যাচ্ছে।
সূত্র : টেকক্রাঞ্চ