ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ আইকন আনছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১৩:৩৩

ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ আইকন আনছে গুগল
ছবি : এনগ্যাজেট

অ্যাপ আইকনের নকশায় বড় পরিবর্তন আনছে গুগল। ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হচ্ছে নতুন অ্যাপ আইকন, যেখানে আগের তুলনায় প্রতিটি অ্যাপকে সহজে আলাদা করে চেনা যাবে। প্রায় পাঁচ বছর আগে করা নকশা পরিবর্তনের পর এবার প্রতিষ্ঠানটি আবার নতুন করে আইকন সাজাচ্ছে।

গুগল-এর জিমেইল, ড্রাইভ, মিট ও ক্যালেন্ডারসহ জনপ্রিয় সেবাগুলোর আইকন আগে একীভূত রঙ ও একই ধরনের নকশায় তৈরি করা হয়েছিল। কিন্তু সেই নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল। অনেকেই বলেন, একই ধরনের রঙ ও আকৃতির কারণে অ্যাপগুলো দ্রুত আলাদা করে চেনা কঠিন হয়ে পড়ে।

নতুন নকশায় প্রতিটি আইকনে আরও স্পষ্টতা, ভিন্নতা এবং ভিজ্যুয়াল গভীরতা যোগ করা হচ্ছে। কিছুদিন আগে গুগল ম্যাপসের আইকন নতুনভাবে সাজানো হয়, যেখানে পরিচিত পিন চিহ্ন রাখা হলেও সেটিকে আরও স্পষ্ট ও আধুনিক করা হয়েছে। এরপর থেকেই পুরো অ্যাপ ইকোসিস্টেমে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।

বর্তমানে কিছু ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে নতুন আইকন দেখা যাচ্ছে। তবে সব অ্যাপে এখনো পুরোনো নকশা পুরোপুরি সরানো হয়নি। ড্রাইভ বা ক্যালেন্ডার খুললে অনেক ক্ষেত্রে আগের আইকনই দেখা যাচ্ছে।

আইফোনসহ বিভিন্ন ডিভাইসেও ধীরে ধীরে নতুন আইকন আসছে বলে জানা গেছে। ব্যবহারকারীদের মতে, নতুন নকশা আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট এবং দ্রুত চোখে পার্থক্য করা যায়।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আসন্ন ডেভেলপার সম্মেলনে গুগল এই নতুন আইকন নকশা নিয়ে আরও বিস্তারিত ঘোষণা দিতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন