এআই অবকাঠামো নিয়ন্ত্রণে অ্যানথ্রপিকের নতুন কৌশল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৪

এআই অবকাঠামো নিয়ন্ত্রণে অ্যানথ্রপিকের নতুন কৌশল
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা আরও তীব্র করতে ডেভেলপার টুলস স্টার্টআপ স্টেইনলেস অধিগ্রহণ করেছে অ্যানথ্রপিক। স্টার্টআপটি আগে থেকেই ওপেনএআই, গুগল ও ক্লাউডফ্লেয়ারসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহকারী ছিল। ফলে এই অধিগ্রহণকে খাতটির জন্য একটি কৌশলগত বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০২২ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক স্টেইনলেস সফটওয়্যার উন্নয়ন কিট বা এসডিকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ও হালনাগাদ করার প্রযুক্তির জন্য দ্রুত পরিচিতি পায়। তাদের প্ল্যাটফর্ম এপিআই স্পেসিফিকেশন থেকে সরাসরি ব্যবহারের উপযোগী এসডিকে তৈরি করতে পারে, যা পাইথন, টাইপস্ক্রিপ্ট, কটলিন, গো ও জাভার মতো বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় ব্যবহারযোগ্য।

এই প্রযুক্তির বড় সুবিধা হলো, এপিআই পরিবর্তন হলেই এসডিকেও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা যায়। ফলে ডেভেলপারদের আলাদাভাবে রক্ষণাবেক্ষণের ঝামেলা কমে যায় এবং উন্নয়ন প্রক্রিয়া দ্রুত হয়। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে

অ্যানথ্রপিক জানিয়েছে, অধিগ্রহণের পর স্টেইনলেসের হোস্টেড পণ্যগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। তবে আগের ব্যবহারকারীরা ইতিমধ্যে তৈরি করা এসডিকে ব্যবহার, পরিবর্তন ও সম্প্রসারণের পূর্ণ অধিকার পাবেন। ভবিষ্যতে এই টুলগুলো কেবল অ্যানথ্রপিকের জন্যই ব্যবহারযোগ্য থাকবে।

বিশ্লেষকদের মতে, এতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হতে পারে, কারণ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন তাদের হাতের বাইরে চলে গেল। একই সঙ্গে এটি স্পষ্ট করছে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এখন শুধু মডেল নয়, ডেভেলপার টুল ও অবকাঠামো নিয়ন্ত্রণও বড় বিষয় হয়ে উঠছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন