ওপেনএআই মামলায় হেরে গেলেন ইলন মাস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও এর সহ-প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে করা মামলায় হেরে গেছেন ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড সর্বসম্মতভাবে রায় দিয়েছে, মাস্ক যে অভিযোগ তুলেছিলেন তা আইনি সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দায়ের করা হয়েছে।
মাস্ক অভিযোগ করেছিলেন, স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান, ওপেনএআই ও মাইক্রোসফট মিলে একটি অলাভজনক উদ্যোগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিয়ে ‘দাতব্য উদ্যোগ আত্মসাৎ’ করেছেন। তবে জুরি বোর্ড মনে করেছে, সম্ভাব্য ক্ষতি যদি হয়ে থাকে, তা আইনি সময়সীমার আগেই ঘটেছে।
মামলার শুনানিতে ওপেনএআইয়ের ইতিহাস ও সিলিকন ভ্যালির শীর্ষ ব্যক্তিদের সাক্ষ্য উঠে এলেও শেষ পর্যন্ত বিষয়টি আইনের সীমিত কিছু প্রশ্নেই নির্ভর করে। বিশেষ করে, কখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তা ভঙ্গ হয়েছে কি না, এসব যুক্তি মাস্কের পক্ষে জোরালোভাবে প্রমাণিত হয়নি।
ওপেনএআইয়ের পক্ষ থেকে সময়সীমা সংক্রান্ত যে আইনি যুক্তি তুলে ধরা হয়, তা জুরি বোর্ডকে সন্তুষ্ট করে। ফলে সংক্ষিপ্ত আলোচনার পরই তারা রায় দেয়। বিচারক রজার্স বলেন, জুরিদের সিদ্ধান্তের পক্ষে পর্যাপ্ত প্রমাণ ছিল।
এই রায়ের ফলে ওপেনএআইয়ের ওপর থাকা বড় ধরনের একটি আইনি ঝুঁকি দূর হলো। সম্ভাব্য কাঠামোগত পরিবর্তনের আশঙ্কাও আপাতত আর থাকছে না। অন্যদিকে, মাইক্রোসফটও এই রায়কে স্বাগত জানিয়েছে এবং ওপেনএআইয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রায়ের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় মাস্ক জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, ঘটনাটি কবে ঘটেছে সেটিই মূল প্রশ্ন, অভিযোগের ভিত্তি নয়।