শিশু সুরক্ষায় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১৬:১৪

শিশু সুরক্ষায় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
ছবি : সংগৃহীত

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন বলেছেন, এসব প্ল্যাটফর্মের ব্যবসায়িক মডেলই শিশুদের জন্য ঝুঁকি তৈরি করছে।

আজ (১২ মে) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের মনোযোগকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে শিশু ও তরুণরা নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে।

তিনি জানান, টিকটক, এক্স এবং মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইউরোপীয় কমিশন ইতিমধ্যে এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ শুরু করেছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন, টিকটকের নকশা ব্যবহারকারীদের আসক্ত করে তোলে। অনবরত স্ক্রলিং, স্বয়ংক্রিয় ভিডিও চালু হওয়া এবং বারবার নোটিফিকেশন পাঠানো শিশুদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

একই সঙ্গে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম ১৩ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য নির্ধারিত বয়সসীমা যথাযথভাবে কার্যকর করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি আরও জানান, এক্স প্ল্যাটফর্মের গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে নারী ও শিশুদের যৌননির্ভর ছবি তৈরি হওয়ার অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ইউরোপীয় কমিশন ভবিষ্যতে আরও কিছু নকশাগত বিষয় নিয়েও কঠোর পদক্ষেপ নেবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মনোযোগ আকর্ষণকারী কনটেন্ট, জটিল চুক্তি এবং সাবস্ক্রিপশন ফাঁদের মতো বিষয়।

ভন ডার লায়েন বলেন, নির্দিষ্ট বয়সের নিচে কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার বিষয়েও কঠোর নীতিমালা প্রয়োজন।

তার ভাষায়, ‘প্রশ্নটি হলো তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে কি না, তা নয়। বরং প্রশ্ন হলো সামাজিক যোগাযোগমাধ্যমকে কি তরুণদের কাছে পৌঁছাতে দেওয়া উচিত কি না।’

শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর অবস্থানে যাচ্ছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন