হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নোটিফিকেশন বাবল সুবিধা

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩:২৯

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নোটিফিকেশন বাবল সুবিধা
ছবি : নাইন-টু-ফাইভ গুগল

মেসেজিং অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার চালু হতে যাচ্ছে নোটিফিকেশন বাবল ফিচার, যা চ্যাট ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

নোটিফিকেশন বাবলকে অনেকেই চ্যাট হেড নামেও চেনেন। এর মাধ্যমে স্ক্রিনে ভাসমান একটি আইকনে চাপ দিলেই সরাসরি চ্যাট খুলে যায়। ফলে অন্য অ্যাপে কাজ করার পাশাপাশি সহজেই বার্তা আদান প্রদান করা সম্ভব হয়। আগে থেকেই এই ধরনের সুবিধা মেসেঞ্জার অ্যাপে চালু থাকলেও এবার হোয়াটসঅ্যাপও একই পথে এগোচ্ছে।

প্রযুক্তি বিষয়ক সূত্র ডব্লিউএ বেটা ইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন অ্যান্ড্রয়েড সংস্করণে এই বাবল সুবিধা যুক্ত করার কাজ করছে। নতুন বেটা সংস্করণে এর প্রাথমিক কার্যক্রম দেখা গেছে। তবে এটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি।

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ভাসমান বাবল আকারে স্ক্রিনে দেখা যাবে। এতে ব্যবহারকারীরা একাধিক চ্যাট বা অন্য অ্যাপের মধ্যে সহজেই যাতায়াত করতে পারবেন। ফলে মেসেজিং হবে আরও দ্রুত ও সুবিধাজনক

তবে এটি অন্যান্য অ্যাপের মতো আলাদা কোনো পদ্ধতিতে নয়, বরং অ্যান্ড্রয়েডের নিজস্ব বাবল ব্যবস্থার সঙ্গেই যুক্ত থাকবে। এতে বিভিন্ন অ্যাপে একই ধরনের অভিজ্ঞতা পাওয়া যাবে এবং বিভ্রান্তিও কমবে।

কবে থেকে এই সুবিধা সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বাবল ফিচার উন্নত হওয়ার কারণে খুব বেশি দেরি হবে না বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও আধুনিক হয়ে উঠবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন