আপডেটে বিরক্তি কমাতে মাইক্রোসফটের নতুন পদক্ষেপ
কম্পিউটারে কাজের মাঝখানে হঠাৎ আপডেট বা জোরপূর্বক রিস্টার্ট, ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের বিরক্তির কারণ। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থেমে যায়, বাড়ে ঝামেলা। অবশেষে এই সমস্যার সমাধানে বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। নতুন আপডেটে ব্যবহারকারীর হাতেই ফিরছে নিয়ন্ত্রণ।
মাইক্রোসফট জানিয়েছে, আপডেট নিয়ে ব্যবহারকারীদের দুটি অভিযোগ সবচেয়ে বেশি ছিল। একটি হলো অনাকাঙ্ক্ষিত সময়ে আপডেটের কারণে কাজের ব্যাঘাত, অন্যটি আপডেটের সময় নির্ধারণে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকা।

প্রতিষ্ঠানটির এক ব্লগবার্তায় আরিয়া হ্যানসন বলেন, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হচ্ছে এবং এটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় এখন থেকে কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার সিদ্ধান্ত পুরোপুরি ব্যবহারকারীর হাতে থাকবে। আপডেট অপেক্ষায় থাকলেও বাধ্যতামূলকভাবে রিস্টার্ট বা শাটডাউন করতে হবে না। মাইক্রোসফটের ভাষায়, কম্পিউটার ব্যবহার হবে সহজ, পূর্বানুমানযোগ্য এবং ব্যবহারকারীর নিজের শর্তে।
উইন্ডোজ আপডেটে যেসব নতুন সুবিধা যোগ হচ্ছে
- প্রথমবার কম্পিউটার চালুর সময় আপডেট এড়িয়ে যাওয়ার সুযোগ
- প্রয়োজন অনুযায়ী একাধিকবার আপডেট স্থগিত রাখার সুবিধা
- আপডেট ছাড়াই যেকোনো সময় কম্পিউটার বন্ধ বা রিস্টার্ট করার সুযোগ
- উপলব্ধ আপডেট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখার ব্যবস্থা
বর্তমানে উইন্ডোজ ১১ ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নের বেশি। আগামী কয়েক মাসের মধ্যে উইন্ডোজ ১০ এর বর্ধিত সহায়তা শেষ হবে। ফলে নতুন সংস্করণে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্ট জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে আপডেটসংক্রান্ত সবচেয়ে বড় বিরক্তিগুলো দূর করা হয়েছে। বিশেষ করে হঠাৎ আপডেট শুরু হওয়া এবং সময় নির্ধারণে সীমাবদ্ধতা এখন অনেকটাই কমবে।
সব মিলিয়ে, দীর্ঘদিনের সমালোচনার পর অবশেষে ব্যবহারকারীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আপডেট ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট, যা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে তরুণদের জন্যও স্বস্তির খবর।