এআইকে ঘিরে নতুন হার্ডওয়্যার কৌশলে অ্যাপল

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

এআইকে ঘিরে নতুন হার্ডওয়্যার কৌশলে অ্যাপল
ছবি : টেকক্রাঞ্চ

প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল এবার নিজেদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাইস তৈরির দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনায় এআই প্রযুক্তিকে মূল চালিকাশক্তি হিসেবে দেখছে অ্যাপল।

সম্প্রতি কোম্পানিটি ঘোষণা দিয়েছে, দীর্ঘদিনের প্রধান নির্বাহী টিম কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন জন টার্নাস। তিনি হার্ডওয়্যার প্রকৌশল খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন শীর্ষ নির্বাহী। এয়ারপডস, অ্যাপল ওয়াচ এবং ভিশন প্রো-এর মতো গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে তার ভূমিকা রয়েছে।

নতুন নেতৃত্বে অ্যাপল আবারও হার্ডওয়্যারকেন্দ্রিক কৌশলে ফিরতে পারে। তবে এবার সেই কৌশলের কেন্দ্রে থাকবে এআই প্রযুক্তি। প্রতিষ্ঠানটি সরাসরি বড় বড় এআই মডেল তৈরির প্রতিযোগিতায় না গিয়ে ব্যবহারকারীর ডিভাইসকে আরও স্মার্ট ও কার্যকর করে তোলার দিকে মনোযোগ দিতে পারে।

গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে অ্যাপল স্মার্ট চশমা, ক্যামেরা যুক্ত পরিধানযোগ্য ডিভাইস এবং এআই সমৃদ্ধ এয়ারপডসের মতো পণ্য আনতে পারে। এসব ডিভাইস আইফোনের সঙ্গে সংযুক্ত থাকবে এবং সিরি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ভাঁজযোগ্য আইফোন নিয়েও অগ্রগতি হতে পারে। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো এ ধরনের ফোন বাজারে আনলেও অ্যাপল অপেক্ষা করছে আরও পরিপক্ব প্রযুক্তির জন্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এটি আগামী সেপ্টেম্বরের দিকে বাজারে আসতে পারে।

এ ছাড়া অ্যাপল ঘরোয়া রোবট প্রযুক্তি নিয়েও কাজ করছে। এর মধ্যে রয়েছে এমন একটি টেবিল ডিভাইস, যেখানে রোবোটিক বাহু থাকবে এবং এটি ব্যবহারকারীর দিকে ঘুরে কাজ করতে পারবে। আরও কিছু ধারণার মধ্যে রয়েছে মোবাইল রোবট, যা ব্যবহারকারীকে অনুসরণ করতে পারবে বা ভিডিও কলের সময় চলমান স্ক্রিন হিসেবে কাজ করবে।

তবে এই পরিকল্পনার পাশাপাশি চ্যালেঞ্জও কম নয়। বিশ্ববাজারে মেমোরি চিপের ঘাটতি, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং উৎপাদন নির্ভরতা অ্যাপলের জন্য চাপ তৈরি করতে পারে। আগে আইফোনের বড় অংশ চীনে উৎপাদিত হলেও এখন কোম্পানিটি উৎপাদন বৈচিত্র্য বাড়াচ্ছে। গত বছরে ভারতের অংশে প্রায় এক চতুর্থাংশ আইফোন উৎপাদিত হয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে, এআইকে কেন্দ্র করে হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে অ্যাপল, যা ভবিষ্যতে তাদের পণ্য ও প্রযুক্তির ধরনকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন