নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১

নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
ছবি : ইন্ডিয়া টুডে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন সুবিধা। খুব শিগগিরই চ্যাটে আগেভাগে মেসেজ লিখে নির্দিষ্ট সময়ে পাঠানোর সুযোগ মিলতে পারে। এখনো ফিচারটি চালু হয়নি, তবে এটি নিয়ে কাজ চলছে। জন্মদিনের শুভেচ্ছা, জরুরি রিমাইন্ডার বা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক সময়ে পৌঁছে দিতে এই সুবিধা কার্যকর হবে।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ‘শিডিউলড মেসেজেস’ নামে নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই মেসেজ লিখে তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ডাব্লিউএ বেটাইনফো জানিয়েছে, আইওএস ২৬.৭.১০.৭২ বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সংস্করণটি অ্যাপলের টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ফলে ধারণা করা হচ্ছে, আইফোন ব্যবহারকারীরা আগে পাবলিক বেটায় সুবিধাটি পেতে পারেন। পরীক্ষামূলক ধাপ শেষ হলে ধাপে ধাপে সবার জন্য চালু করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, কোনো মেসেজ শিডিউল করলে সেটি নির্ধারিত সময় পর্যন্ত কিউতে সংরক্ষিত থাকবে। চ্যাট ইনফো স্ক্রিনে আলাদা একটি অংশে শিডিউল করা মেসেজ দেখা যাবে। সেখানে কতগুলো মেসেজ নির্ধারিত আছে তা বোঝা যাবে। ব্যবহারকারীরা যেকোনো সময় সেগুলো সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন।

নির্ধারিত সময়ের আগে মেসেজ পরিবর্তন করা যাবে। পুরোপুরি বাতিল করলেও প্রাপক কোনো নোটিফিকেশন পাবেন না। অর্থাৎ বাতিলের বিষয়টি নীরবে সম্পন্ন হবে।

নতুন সুবিধাটি ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাট, দুই ক্ষেত্রেই কাজ করবে বলে জানা গেছে। এতে জন্মদিনের শুভেচ্ছা, অফিসের নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ কাজের স্মরণ করিয়ে দেওয়া বা সময়সংবেদনশীল বার্তা আগেই ঠিক করে রাখা যাবে।

বর্তমানে আইফোন ব্যবহারকারীদের শিডিউল করে মেসেজ পাঠাতে শর্টকাটস অ্যাপের মতো বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের অটোমেশন অ্যাপ ব্যবহার করেন। তবে এসব অ্যাপ ব্যবহারে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে। কারণ এগুলো অতিরিক্ত অনুমতি চায় বা অননুমোদিত সংযোগ ব্যবহার করে। হোয়াটসঅ্যাপের নিজস্ব শিডিউল সুবিধা চালু হলে এই ঝুঁকি কমবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, কবে নাগাদ এই সুবিধা সবার জন্য উন্মুক্ত হবে।

এদিকে হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘গ্রুপ চ্যাট হিস্ট্রি’ নামে আরেকটি সুবিধা ঘোষণা করেছে। এর মাধ্যমে কোনো নতুন সদস্য গ্রুপে যুক্ত হলে সর্বোচ্চ ১০০টি সাম্প্রতিক মেসেজ তার সঙ্গে শেয়ার করা যাবে। এতে নতুন সদস্য চলমান আলোচনার প্রেক্ষাপট বুঝতে পারবেন। সুবিধাটি বিশ্বজুড়ে চালু হচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা সর্বশেষ সংস্করণে আপডেট করলে এটি পাবেন।

নতুন শিডিউল সুবিধা চালু হলে তরুণ ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগ আরও সহজ হবে। নির্দিষ্ট সময়ে মেসেজ পৌঁছানো নিয়ে আর আলাদা করে ভাবতে হবে না।

সূত্র : ইন্ডিয়া টুডে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন