ইউরোপে আইফোনে বিকল্প অ্যাপ স্টোরের উত্থান
ইউরোপীয় ইউনিয়নে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন বিকল্প অ্যাপ স্টোরের সুযোগ এসেছে। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বা ডিএমএ আইনের ফলে এবার ব্যবহারকারীরা অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়াও অন্যান্য অনুমোদিত স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এর ফলে অ্যাপ ইকোসিস্টেমে প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবহারকারীরা নতুন ধরনের অ্যাপস সহজে খুঁজে পাবেন। ইউরোপের বাইরে, জাপানেও নতুন নিয়মে বিকল্প অ্যাপ বিতরণের সুযোগ তৈরি হয়েছে।
বিকল্প স্টোরের সুবিধা ও নিয়ম
অ্যাপলের স্টোরের মতোই বিকল্প মার্কেটপ্লেসে অ্যাপ পাওয়া যাবে। তবে এখানে অ্যাপল রিভিউয়ের বদলে নোটারাইজেশন প্রক্রিয়া আছে। এতে নিশ্চিত হয় যে, অ্যাপগুলো মৌলিক নিরাপত্তা মান পূরণ করছে, যেমন ম্যালওয়্যারমুক্ত থাকা। প্রতিটি স্টোর নিজস্ব নীতিমালা অনুযায়ী অ্যাপ অনুমোদন দিয়ে থাকে। সহায়তা ও অর্থ ফেরতের দায়িত্বও সংশ্লিষ্ট স্টোরের, অ্যাপলের নয়।
ডেভেলপাররা যদি ইউরোপে বিকল্প অ্যাপ স্টোর চালাতে চান, তবে অ্যাপলের ডিএমএ ব্যবসায়িক শর্ত মেনে চলতে হবে। প্রতি বছরে প্রথমবার ইনস্টল হওয়া প্রতিটি মার্কেটপ্লেস অ্যাপের জন্য ০.৫০ ইউরো কোর টেকনোলজি ফি দিতে হয়।
ইউরোপের জনপ্রিয় বিকল্প স্টোর
আল্টস্টোর পিএএল
ডেভেলপার রাইলি টেস্টুটের উদ্যোগে তৈরি, এটি ইউরোপে অনুমোদিত বিকল্প অ্যাপ মার্কেটপ্লেস। ওপেন সোর্স স্টোর হওয়ায় স্বাধীন ডেভেলপাররা সহজে অ্যাপ বিতরণ করতে পারেন। ব্যবহারকারী কেবল নিজেদের যোগ করা অ্যাপই দেখতে পারবেন। জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে ইউটিএম ভার্চুয়াল মেশিন, ওল্ডওএস, কোটোবা অভিধান, আইটরেন্ট ও পিপলড্রপ।

সেটঅ্যাপ মোবাইল
ম্যাকপ’র এই স্টোর ডিএমএ শর্ত মেনে চালু করা হয়েছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারি বন্ধ হয়ে গেছে। এখানে সাবস্ক্রিপশন ভিত্তিতে curated অ্যাপ দেওয়া হতো, যা ইন অ্যাপ ক্রয় বা বিজ্ঞাপনমুক্ত। বড় নামের অ্যাপ যেমন ফেসবুক বা নেটফ্লিক্স এখানে ছিল না।

এপিক গেমস স্টোর
ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস ২০২৪ সালে ইউরোপে বিকল্প আইওএস স্টোর চালু করে। এখানে ফোর্টনাইট, রকেট লিগ সাইডসোয়াইপ ও ফল গাইজসহ বিভিন্ন গেম পাওয়া যায়। অ্যাপলের নীতিভঙ্গের পর এটি ডেভেলপারদের নিজস্ব লিংকের মাধ্যমে বিতরণের পথ খুলেছে।
অ্যাপটয়েড
লিসবনভিত্তিক ওপেন সোর্স স্টোর, যা ইউরোপের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। ইন অ্যাপ ক্রয়ে ১০ থেকে ২০ শতাংশ কমিশন নেয়। সব প্ল্যাটফর্ম মিলিয়ে তাদের ৪৩ কোটির বেশি ব্যবহারকারী ও ১০ লাখ অ্যাপ রয়েছে।

মোবিভেনশন মার্কেটপ্লেস
ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৈরি, যেখানে কোম্পানিগুলো অভ্যন্তরীণ অ্যাপ কর্মীদের মধ্যে বিতরণ করতে পারে। প্রয়োজন হলে কাস্টমাইজড অ্যাপ স্টোর তৈরি করা যায়।

স্কিচ
টিন্ডারের মতো সোয়াইপ ইন্টারফেসে অ্যাপ খুঁজে পাওয়া যায়। ব্যবহারকারীরা প্লেলিস্ট তৈরি করতে পারেন এবং বন্ধুদের খেলা অ্যাপ দেখতে পারেন। সব ক্রয়ে ১৫ শতাংশ কমিশন নেয়।

অনসাইড
ইউরোপ ও জাপানে চালু। কম রেট নেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং পেমেন্ট তথ্য নিরাপদ রাখে। ব্যাংক কার্ড ও অ্যাপল পে সমর্থন করে, ভবিষ্যতে আইডিয়াল ও ক্লারনা যুক্ত হবে। সম্পাদকীয় সংগ্রহ, রেটিং ও স্বয়ংক্রিয় আপডেট সুবিধাও আছে।

নতুন বিকল্প অ্যাপ স্টোরের কারণে ব্যবহারকারীরা এখন অ্যাপলের একচেটিয়া থেকে মুক্তি পাচ্ছেন এবং আরও স্বাধীনভাবে অ্যাপস খুঁজে ব্যবহার করতে পারবেন।
সূত্র : টেকক্রাঞ্চ