ক্লাউড ও এআই অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে মাইক্রোসফট ও ইন্টেল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

ক্লাউড ও এআই অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে মাইক্রোসফট ও ইন্টেল

ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়াচ্ছে মাইক্রোসফট ও ইন্টেল। নতুন চুক্তির আওতায় সার্ভার প্রসেসর, উন্নত চিপ প্যাকেজিং, মেমোরি ব্যবস্থাপনা ও তথ্য সুরক্ষা প্রযুক্তি নিয়ে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এর মাধ্যমে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড অবকাঠামোর কর্মক্ষমতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

১৮ নভেম্বর প্রকাশিত এক ঘোষণায় ইন্টেল জানায়, অ্যাজুরের নিজস্ব চিপ তৈরিতে তাদের ইএমআইবি উন্নত প্যাকেজিং প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেওয়া প্রথম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ ছাড়া পরবর্তী প্রজন্মের ডায়মন্ড র‍্যাপিডসসহ ইন্টেলের জিওন সার্ভার প্রসেসরের কয়েক বছরের সরবরাহ নিশ্চিত হয়েছে চুক্তিতে।

মেমোরি ব্যবস্থাপনা ও সিস্টেমের কর্মক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠান দুটি কম্পিউট এক্সপ্রেস লিংক (সিএক্সএল), ইন্টেল কুইকঅ্যাসিস্ট টেকনোলজি (কিউএটি) এবং কনফিডেনশিয়াল কম্পিউটিং নিয়েও কাজ করবে।

ইন্টেলের দাবি, জিওন ৬ প্রসেসরে সিএক্সএল মেমোরি ও ফ্ল্যাট মেমোরি মোড ব্যবহারে অ্যাজুরের এম-সিরিজ ভি৪ ভার্চ্যুয়াল মেশিনে নির্দিষ্ট কাজের কর্মক্ষমতা সর্বোচ্চ ২ দশমিক ৩ গুণ বাড়তে পারে। অন্যদিকে, কিউএটি প্রযুক্তিসমর্থিত ভার্চ্যুয়াল মেশিনে এসকিউএল ডেটাবেজের ব্যাকআপ নেওয়ার গতি সর্বোচ্চ ২ দশমিক ৫ গুণ বাড়বে।

তথ্য সুরক্ষায় ব্যবহার করা হবে ইন্টেলের ট্রাস্ট ডোমেইন এক্সটেনশনস (টিডিএক্স) প্রযুক্তি। এর মাধ্যমে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ভার্চ্যুয়াল মেশিন স্থানান্তরের সময় এর মেমোরি ও সিপিইউ রেজিস্টারের তথ্য এনক্রিপ্ট করা থাকবে।

মাইক্রোসফটের অ্যাজুর সিস্টেম অ্যান্ড আর্কিটেকচারের করপোরেট ভাইস প্রেসিডেন্ট সৌরভ দিঘে বলেন, উন্নত চিপ প্যাকেজিং, কম্পিউটিং, মেমোরি ও নিরাপত্তা প্রযুক্তির সমন্বয়ে অ্যাজুরের অবকাঠামো উন্নত করতে ইন্টেলের সঙ্গে কাজ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ক্লাউড ও এআইভিত্তিক কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে।

ইন্টেল ফাউন্ড্রির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রধান প্রযুক্তি ও পরিচালন কর্মকর্তা এবং মহাব্যবস্থাপক নাগা চন্দ্রশেখরন বলেন, এআই অবকাঠামোর ভবিষ্যৎ চিপ, প্যাকেজিং, কম্পিউটিং, মেমোরি ও সফটওয়্যারের সমন্বিত উন্নয়নের ওপর নির্ভর করছে। অ্যাজুরের ভবিষ্যৎ অবকাঠামো সম্প্রসারণে ইএমআইবি প্রযুক্তি নিয়ে মাইক্রোসফটের সঙ্গে কাজ করবে ইন্টেল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন