ফাস্টফুড কর্মীদের গতি ও আচরণ নজরদারি করবে নতুন প্রযুক্তি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৪:২৫

ফাস্টফুড কর্মীদের গতি ও আচরণ নজরদারি করবে নতুন প্রযুক্তি

কর্মীদের কাজের গতি, গাড়ি চালানোর ধরন ও গ্রাহকদের সঙ্গে আচরণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে বিভিন্ন ফাস্টফুড প্রতিষ্ঠান। এসব প্রযুক্তির মাধ্যমে কর্মীদের কাজের মূল্যায়ন, নম্বর নির্ধারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডমিনোজ ও পাপা জনসের মতো প্রতিষ্ঠানেও এ ধরনের নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী ফাস্ট কোম্পানিতে প্রকাশিত ক্যাপিটাল অ্যান্ড মেইনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে ডমিনোজের এক কর্মীকে নির্দিষ্ট একটি অ্যাপ মুঠোফোনে চালু রেখে পিৎজা সরবরাহের নির্দেশ দেওয়া হয়। ড্রাইভোসিটি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপটি কর্মীদের গাড়ি চালানোর গতি, হঠাৎ ব্রেক করা, বাঁক নেওয়া ও গতি বাড়ানোর ধরন বিশ্লেষণ করে ১০০ নম্বরের মধ্যে স্কোর দেয়।

ওই প্রতিষ্ঠানে চালকদের কমপক্ষে ৮৫ স্কোর ধরে রাখতে হয়। এর নিচে নামলে ব্যবস্থাপকেরা সতর্ক করেন এবং পরে ডমিনোজের ব্যবস্থাপনা ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করে দিতে পারেন। সংশ্লিষ্ট কর্মী করিন কার্নির দাবি, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই অ্যাপটি অনেক সময় চালকদের নম্বর কমিয়ে দেয়। দুর্ঘটনা এড়াতে হঠাৎ ব্রেক করলেও শাস্তির মুখে পড়তে হয় তাদের।

ড্রাইভোসিটির ‘হাস্টলটাইম’ নামের আরেকটি সুবিধা কর্মীদের দোকান থেকে গাড়ি পর্যন্ত হাঁটতে, গ্রাহকের হাতে খাবার পৌঁছে দিতে এবং ফিরে আসতে কত সময় লাগে, তা হিসাব করে। প্রতিষ্ঠানটির প্রচারমূলক ভিডিওতে ডমিনোজ ও পাপা জনসের কর্মকর্তারা এ প্রযুক্তির মাধ্যমে কর্মীদের প্রতি সেকেন্ডের কাজ পর্যবেক্ষণের সুবিধা তুলে ধরেছেন।

ক্যাপিটাল অ্যান্ড মেইন এক ডজনের বেশি কর্মী, গবেষক ও শ্রম অধিকারকর্মীর সঙ্গে কথা বলে জানতে পেরেছে, ফাস্টফুড খাতে এআইনির্ভর নজরদারি দ্রুত বাড়ছে। কর্মীদের অনেকেই এসব প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগে থেকে জানেন না বা সম্মতি দেওয়ার সুযোগ পান না। অথচ তাদের বেতন, পদোন্নতি ও চাকরির নিরাপত্তায় এসব ব্যবস্থার প্রভাব পড়ছে। তবে ডমিনোজ ও ড্রাইভোসিটি এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন