দেশে ১০ বছর পূর্তি উদযাপন করেছে উবার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

দেশে ১০ বছর পূর্তি উদযাপন করেছে উবার

বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন করেছে রাইডশেয়ারিং সেবা উবার। ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় যাত্রা শুরুর পর থেকে দেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে ৯০ লাখ ৪০ হাজার যাত্রী সেবা পেয়েছেন এবং চালক অংশীদাররা পাড়ি দিয়েছেন ১৮৩ কোটির বেশি কিলোমিটার। উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে আয়ের সুযোগ পেয়েছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি শহরে সেবা দিচ্ছে উবার। কার, বাইক ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের পাশাপাশি আন্তশহর ভ্রমণ, গাড়ি ভাড়া ও পার্সেল সরবরাহের সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীতে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে উবার। এতে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।

উদযাপনের অংশ হিসেবে ‘প্রতিবার উবার’ প্রতিপাদ্যে মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে দেয়ালচিত্র আঁকা হয়। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে এতে অংশ নেন তরুণ শিল্পী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী পটচিত্রে তুলে ধরা হয় পরিচ্ছন্ন ও টেকসই ঢাকার স্বপ্ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, ব্যক্তিগত গাড়ির বিকল্প হিসেবে উবার মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করেছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।

বিশেষ অতিথি সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়েবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, প্রযুক্তির মাধ্যমে যাতায়াত সহজ ও নিরাপদ করতে উবার ভূমিকা রাখছে। মানুষের যাতায়াতের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি দেশের পরিবহনব্যবস্থার আধুনিকায়নেও প্রতিষ্ঠানটি অবদান রাখবে বলে আশা করেন তিনি।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উবার। যাতায়াতের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মানুষের জন্য নমনীয় আয়ের সুযোগ তৈরি করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। আগামী দিনেও যাতায়াত সহজ ও নির্ভরযোগ্য করতে কাজ করবে উবার।

যাত্রী ও চালকদের নিরাপত্তায় উবারের প্ল্যাটফর্মে চালকের নথি যাচাই, ‘ভেরিফাই মাই রাইড’, ট্রিপ বিমা, ‘শেয়ার মাই ট্রিপ’, ‘রাইডচেক’, অভিযোগ জানানোর ব্যবস্থা ও নিরাপত্তা হটলাইনের মতো সুবিধা রয়েছে। মোটরসাইকেল যাত্রীদের জন্য রয়েছে ‘মটো সেফটি চেকলিস্ট’। এ ছাড়া হেলমেট বিতরণসহ সড়ক নিরাপত্তাবিষয়ক উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ‘মুভিং বাংলাদেশ ফরোয়ার্ড: মোবিলিটি অ্যান্ড লাইভলিহুডস ইন দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার। আগামী দশকে যোগাযোগব্যবস্থা, নগর চলাচল ও সংশ্লিষ্ট মানুষের জীবিকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন