মশা তাড়াতে লেজারনির্ভর যন্ত্র তৈরি করল চীন
মশা শনাক্ত করে লেজারের আঘাতে উড়তে অক্ষম করতে পারে এমন একটি যন্ত্র তৈরি করেছে চীনের চাংঝৌভিত্তিক একটি স্টার্টআপ। ‘ফোটন ম্যাট্রিক্স’ নামের যন্ত্রটি ৩ মিলিসেকেন্ডে লক্ষ্যবস্তু শনাক্ত ও নিশানা স্থির করতে পারে। নির্মাতাদের দাবি, এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩০টি মশাকে আঘাত করতে সক্ষম।
প্রযুক্তি ও প্রকৌশলবিষয়ক সংবাদমাধ্যম ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রটিতে রয়েছে লিডার প্রযুক্তি, ক্যামেরা, মিলিমিটার ওয়েভ রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সফটওয়্যার। লিডার প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট এলাকার বস্তু শনাক্ত ও ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় করে এটি। পরে ক্যামেরা ও রাডারের তথ্য বিশ্লেষণ করে বস্তুটি মশা কি না, তা যাচাই করে।
লক্ষ্যবস্তুর আকার, গতি ও চলাচলের ধরন বিশ্লেষণ করে মশাকে অন্য উড়ন্ত পোকা থেকে আলাদা করার চেষ্টা করে যন্ত্রটি। মশা শনাক্ত হলে এআই সফটওয়্যার তার গতিপথ অনুমান করে লেজারের নিশানা ঠিক করে। এরপর শক্তিশালী লেজার রশ্মি মশার ডানায় আঘাত করে, যাতে সেটি আর উড়তে না পারে।
নির্মাতাদের তথ্যমতে, যন্ত্রটির শনাক্তকরণ দূরত্ব সর্বোচ্চ ৬ মিটার এবং এটি প্রায় ৯০ ডিগ্রি এলাকাজুড়ে নজর রাখতে পারে। ২ থেকে ২০ মিলিমিটার আকারের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এটি। তবে লক্ষ্যবস্তুর সর্বোচ্চ গতিসীমা প্রতি সেকেন্ডে ১ মিটার।
নির্মাতাদের এসব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। গণঅর্থায়ন প্রচারের পর যন্ত্রটির জন্য কয়েক হাজার প্রি-অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় মানের সঙ্গে সামঞ্জস্যের ছাড়পত্রও পাওয়ার দাবি করেছে তারা। চূড়ান্ত পরীক্ষা শেষে চলতি নভেম্বরে সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।
তবে যন্ত্রটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। এতে ব্যবহৃত চতুর্থ শ্রেণির লেজার মানুষের চোখের স্থায়ী ক্ষতি করতে পারে। নির্মাতাদের দাবি, মানুষ ও প্রাণী শনাক্তকরণ, নির্দিষ্ট দূরত্বে লেজার সীমাবদ্ধ রাখা এবং প্রতিফলনশীল বস্তু শনাক্ত করার মতো নিরাপত্তাব্যবস্থা এতে রয়েছে।
এ ছাড়া মশার মতো দেখতে অন্য উড়ন্ত পোকাকে ভুল করে আঘাত করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। যন্ত্রটি লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত করতে পারে কি না, তা স্বাধীন পরীক্ষায় প্রমাণিত হওয়ার অপেক্ষায় রয়েছে।