বিদেশগামী কর্মীদের ঋণসেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে
সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম মাইগভের মাধ্যমে প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের আবেদন করেছেন। বর্তমানে আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।
এ সেবায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ নিতে পারেন। বিদেশযাত্রার প্রকৃত ব্যয় যাচাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম শেষে বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় সেবাটি চালু রয়েছে।
আগে ঋণের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তেন আবেদনকারীরা। অনলাইন সেবা চালুর ফলে এখন ঘরে বসেই আবেদন ও আবেদনের অগ্রগতি জানা যাচ্ছে। এতে ব্যাংকে যাতায়াত এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের জন্য ঋণ পাওয়া সহজ হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের এক জরিপ অনুযায়ী, ডিজিটাল ঋণসেবায় আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। এ ছাড়া আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে মাইগভ। এ প্ল্যাটফর্মে নাগরিকেরা বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন, ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদ সংগ্রহ করতে পারেন।
এটুআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মাইগভে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার বিপরীতে ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এসব সেবার মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথি সত্যায়ন বা এপোস্টিল সেবাও রয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে প্ল্যাটফর্মটিতে পর্যায়ক্রমে নতুন সেবা যুক্ত করা হচ্ছে।