ভারতে গুগলের কর্মী ছাঁটাই নিয়ে গুঞ্জন ও প্রতিষ্ঠানের ব্যাখ্যা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৮

ভারতে গুগলের কর্মী ছাঁটাই নিয়ে গুঞ্জন ও প্রতিষ্ঠানের ব্যাখ্যা

ভারতে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের খবর নাকচ করে দিয়েছে গুগল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কাজের অগ্রাধিকার পুনর্নির্ধারণের অংশ হিসেবে গত সপ্তাহে গুগল ক্লাউডের ভারতীয় বিভাগে প্রায় ৩০টি পদ বিলুপ্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ব্যাপক ছাঁটাইয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টের জবাবে বিষয়টি স্পষ্ট করে গুগল ক্লাউড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, বড় পরিসরে ছাঁটাইয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতে সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে সীমিতসংখ্যক পদ বিলুপ্ত করা হয়েছে।

এর আগে পেশাজীবীদের অনলাইন ফোরাম ব্লাইন্ডে গুগলের ভারতে কর্মী ছাঁটাই নিয়ে একটি বেনামি পোস্ট প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, দেশটির বিভিন্ন ক্লাউড বিভাগে হঠাৎ করে কর্মী ছাঁটাই করা হচ্ছে। কর্মদক্ষতার সঙ্গে এসব ছাঁটাইয়ের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন পোস্টদাতা।

পোস্টে আরও অভিযোগ করা হয়, কয়েকজন কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ অথবা চাকরি হারানোর শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি এক মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। আগামী জানুয়ারিতে আরও ছাঁটাইয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। তবে এসব দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

গুগল ক্লাউডের বক্তব্যে ছাঁটাই হওয়া কর্মীদের পরিচয়, কোন দলগুলো এর আওতায় পড়েছে কিংবা কোন শহরে পদগুলো বিলুপ্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ভবিষ্যতে নিয়োগ বা আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েও কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন