ইউরোপের বাজারে ৬৭০ কোটি ডলারের বন্ড ছাড়ছে অ্যালফাবেট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৩:২০

ইউরোপের বাজারে ৬৭০ কোটি ডলারের বন্ড ছাড়ছে অ্যালফাবেট

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ৬০০ কোটি ইউরো (প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার) মূল্যের বন্ড ছাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় মেটানোর পাশাপাশি ঋণবাজারে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বন্ডের চাহিদা যাচাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২ নভেম্বর) সাত ধাপে এই বন্ড বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে ইতোমধ্যে ১ হাজার ৭০০ কোটি ইউরোর বেশি চাহিদা পাওয়া গেছে। বন্ডগুলোর মেয়াদ হবে দুই থেকে ১৯ বছর। এর মধ্যে একটি পরিবর্তনশীল সুদহার এবং ছয়টি নির্দিষ্ট সুদহারের বন্ড রয়েছে।

এআই অবকাঠামো নির্মাণে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় এবং সেই বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা নিয়ে সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে প্রযুক্তি খাতের শেয়ার ও বন্ডের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত অক্টোবর মাসে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ শতাংশ কমেছে।

সম্প্রতি অ্যালফাবেট ও অ্যামাজনের ত্রৈমাসিক আর্থিক ফলাফলও বাজারের অস্থিরতা বাড়িয়েছে। উভয় প্রতিষ্ঠানই ডেটা সেন্টার নির্মাণে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে।

গত বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে যায়। প্রতিষ্ঠানটির ইতিহাসে এক দিনে এটিই ছিল সবচেয়ে বড় দরপতন। প্রত্যাশার তুলনায় গুগল সার্চের আয় কম বাড়া এবং নগদ অর্থের ব্যয় বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার কমে যায়।

চলতি বছর অ্যালফাবেটের মূলধনি ব্যয় ২০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেটা সেন্টারসহ বিভিন্ন অবকাঠামোর জন্য ১ হাজার ৩০৫ কোটি মার্কিন ডলারের ভবিষ্যৎ লিজ চুক্তি করেছে তারা। এসব ব্যয় এখনো প্রতিষ্ঠানের ব্যালান্স শিটে অন্তর্ভুক্ত হয়নি।

নতুন বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থ সাধারণ করপোরেট কাজে ব্যবহার করবে অ্যালফাবেট। এর মধ্যে বিদ্যমান ঋণ পরিশোধের বিষয়টিও থাকতে পারে।

চলতি বছর ইউরোপের বাজারে এটি অ্যালফাবেটের দ্বিতীয় বন্ড বিক্রির উদ্যোগ। গত মে মাসে ছয় ধাপে ৯০০ কোটি ইউরোর বন্ড ছেড়েছিল প্রতিষ্ঠানটি। এর আগে ফেব্রুয়ারিতে ১০০ বছর মেয়াদি পাউন্ড স্টার্লিং বন্ডও বিক্রি করে তারা।

বিশ্লেষকদের ধারণা, অবকাঠামো নির্মাণে অর্থের জোগান দিতে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ইউরোপের ঋণবাজার থেকে আরও বেশি অর্থ সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ইউরোপের বড় ও তারল্যসমৃদ্ধ বন্ডবাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন