উইন্ডোজে মাউসের ব্যবহার সহজ করবে মাইক্রোসফটের নতুন টুল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:১২

উইন্ডোজে মাউসের ব্যবহার সহজ করবে মাইক্রোসফটের নতুন টুল

উইন্ডোজ ব্যবহারকারীদের কাজ সহজ করতে পাওয়ারটয়েজ সফটওয়্যারে নতুন কিছু সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। সর্বশেষ ০.১০২ সংস্করণে মাউসের বোতাম চেপে না ধরেই কোনো কিছু টেনে নেওয়া বা নির্বাচন করা, টাইপ করার সময় কার্সর স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখা এবং কমান্ড চালানোর সুবিধা উন্নত করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের বিনা মূল্যের পাওয়ারটয়েজ সফটওয়্যার উইন্ডোজে বাড়তি সুবিধা ও কাস্টমাইজেশনের সুযোগ দেয়। নতুন সংস্করণে মাউস, কিবোর্ড এবং কমান্ড প্যালেটের ব্যবহার আরও সহজ করার পাশাপাশি কয়েকটি বিদ্যমান টুলেও পরিবর্তন আনা হয়েছে।

মাউস ব্যবহারে নতুন সুবিধা

নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘মাউস বাটন লক’ সুবিধা। এটি চালু থাকলে মাউসের বোতাম কয়েক সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিলেও কোনো বস্তু টেনে নেওয়া বা একাধিক আইটেম নির্বাচন করা যায়। আবার মাউসের বোতাম চেপে ধরতে হয় না। পরবর্তী ক্লিক না করা পর্যন্ত টেনে নেওয়া বা নির্বাচনের কাজ চালিয়ে যাওয়া যায়। ছবি সম্পাদনা কিংবা দীর্ঘ সময় ধরে মাউস সরিয়ে কাজ করার ক্ষেত্রে সুবিধাটি কাজে লাগতে পারে।

‘কার্সরহাইড’ নামের আরেকটি সুবিধা কিবোর্ডে টাইপ করার সময় অথবা নির্দিষ্ট সময় মাউস ব্যবহার না করলে স্বয়ংক্রিয়ভাবে কার্সর লুকিয়ে রাখে। মাউস সরালেই কার্সর আবার দেখা যায়।

কমান্ড প্যালেটে পরিবর্তন

পাওয়ারটয়েজের কমান্ড প্যালেটেও কয়েকটি নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন পছন্দের কমান্ড দ্রুত ব্যবহারের জন্য একটি কুইক-অ্যাকসেস প্যানেলে রাখা যাবে। এরপর কিবোর্ডের অল্টের সঙ্গে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা ব্যবহার করে নির্দিষ্ট কমান্ড চালু করা যাবে।

এ ছাড়া কমান্ড প্যালেট থেকে সরাসরি সেটিংস খোঁজা, বিভিন্ন সময় অঞ্চলের একাধিক ঘড়ি ব্যবহার এবং সমর্থিত কিবোর্ডে কোপাইলট কী দিয়ে কমান্ড প্যালেট নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত হয়েছে।

কিবোর্ডের বিভিন্ন বোতামের কাজ পরিবর্তনের টুল ‘কিবোর্ড ম্যানেজারেও’ নতুন বিকল্প এসেছে। এখন কোনো বোতাম একা চাপলে এক ধরনের কাজ এবং অন্য বোতামের সঙ্গে চেপে ধরলে আগের কাজ করার মতো সেটিংস নির্ধারণ করা যাবে।

অন্যান্য টুলেও উন্নয়ন

নতুন সংস্করণে স্ক্রিনশটের সঙ্গে কম্পিউটারে রূপান্তর করা ভয়েস নোট যুক্ত করার সুবিধা এসেছে। কমান্ড লাইনের মাধ্যমেও পাওয়ারটয়েজের আরও কিছু সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে।

এ ছাড়া কালার পিকার ও টেক্সট এক্সট্র্যাক্টর টুলে উইনইউআই ৩ প্রযুক্তি যুক্ত হয়েছে। ফ্যান্সিজোনস টুলে এখন মাউসের চাকা ঘুরিয়ে বিভিন্ন উইন্ডো লেআউটের মধ্যে পরিবর্তন করা যায়।

পাওয়ারটয়েজ ০.১০২ সংস্করণ মাইক্রোসফটের গিটহাব পেজ থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করা থাকলে এর ভেতর থেকেই হালনাগাদ করা সম্ভব।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন