ক্লাউড সেবার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অ্যামাজন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৪:৪৪

ক্লাউড সেবার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী অ্যামাজন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ক্লাউড কম্পিউটিং সক্ষমতার প্রায় পুরোটাই আগাম বিক্রি হয়ে গেছে। ২০২৮ সালের জন্যও উল্লেখযোগ্য পরিমাণ সক্ষমতা ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যান্ড্রিসেন হোরোভিটজের সহপ্রতিষ্ঠাতা বেন হোরোভিটজ ও সাধারণ অংশীদার এরিক টোরেনবার্গের সঙ্গে এক ভিডিও পডকাস্টে এ কথা বলেন জ্যাসি। তিনি জানান, এআই গবেষণাগার ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে অ্যামাজন।

জ্যাসির ভাষ্য, ২০২৬ সালের জন্য এডব্লিউএসের ক্লাউড সক্ষমতাও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এ অবস্থায় আরও বেশি বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। চলতি বছর অ্যামাজন প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার মূলধনি ব্যয়ের পরিকল্পনা জানিয়েছে।

জ্যাসি বলেন, ২০২৭ সালের জন্যও ক্লাউড সক্ষমতার বড় অংশ আগাম বিক্রি হয়ে গেছে। তবে তাৎক্ষণিক চাহিদা মেটাতে এবং এআই মডেল পরিচালনার জন্য বেডরক ও ইসি২ সেবায় কিছু সক্ষমতা সংরক্ষণ করা হয়। ২০২৮ সালের জন্যও উল্লেখযোগ্য পরিমাণ সক্ষমতা গ্রাহকদের কাছে বরাদ্দ করা হয়েছে।

এডব্লিউএসের ইসি২ সেবার মাধ্যমে গ্রাহকেরা অ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লাউড সার্ভার ব্যবহার করতে পারেন। অন্যদিকে বেডরক সেবায় বিভিন্ন এআই মডেল ব্যবহার করে জেনারেটিভ এআইভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।

অ্যামাজন আগামী ২৯ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগ এবং ক্লাউড সেবার ক্রমবর্ধমান চাহিদা প্রতিষ্ঠানটির ব্যবসায় কী প্রভাব ফেলছে, তা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন