আইফোন ও অ্যাপল ওয়াচ বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ভারতীয় স্টার্টআপ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩০

আইফোন ও অ্যাপল ওয়াচ বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ভারতীয় স্টার্টআপ

আইফোনের নেমড্রপ ফিচারে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ভারতে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ জিজি টেকনোলজিস। প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০০ কোটি রুপি (প্রায় ১৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ এবং নেমড্রপ যুক্ত আইফোন ও অ্যাপল ওয়াচ আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, জিজি টেকনোলজিসের তৈরি স্টে-টাচ অ্যাপের মাধ্যমে কাছাকাছি দুটি ফোনে যোগাযোগের তথ্য বিনিময় করা যায়। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলের নেমড্রপ ফিচারে একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তাদের ভারতীয় পেটেন্ট লঙ্ঘন করেছে।

গত অক্টোবরে বোম্বে হাইকোর্টে মামলাটি করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের জুলাইয়ে প্রযুক্তিটির জন্য ভারতীয় পেটেন্ট পায় জিজি টেকনোলজিস। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২১ সালে ভারতে পেটেন্টের আবেদন করেছিল তারা।

অ্যাপল ২০২৩ সালের জুনে আইওএস ১৭-এর সঙ্গে নেমড্রপ চালু করে। পরে সমর্থিত অ্যাপল ওয়াচেও ফিচারটি যুক্ত হয়। নেমড্রপের ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞাও চেয়েছে জিজি টেকনোলজিস। তবে মামলাটি এখনো শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি।

যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে তদন্ত চলছে। গত আগস্টে জিজি টেকনোলজিসের অভিযোগের পর দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন তদন্ত শুরু করে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও অ্যাপল টেকক্রাঞ্চকে কোনো জবাব দেয়নি।