একসঙ্গে ১০টি বিড়ালের খাবার ও অভ্যাসের নজরদারি করবে এআই ফিডার
একাধিক বিড়াল থাকা বাড়িতে প্রতিটি বিড়াল কতটা খাবার খাচ্ছে ও তার খাওয়ার অভ্যাস কেমন, তা নজরদারি করতে নতুন স্মার্ট ফিডার এনেছে পেটলিব্রো। গ্র্যানারি ২ সিরিজের ফিডারে খাবারের পরিমাণ মাপার জন্য বিল্ট-ইন স্কেল রয়েছে। দামি মডেলে এআই ক্যামেরা থাকায় কোন বিড়াল কখন কতটা খাবার খাচ্ছে, সেটিও আলাদাভাবে শনাক্ত করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যানারি ২ সিরিজে চারটি মডেল রয়েছে। এগুলোর দাম ১২৯ দশমিক ৯৯ থেকে ২৪৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। ১৮৯ দশমিক ৯৯ ডলারের গ্র্যানারি ২ ভিশন মডেলে এআই ক্যামেরা রয়েছে, যা সর্বোচ্চ ১০টি বিড়াল শনাক্ত করতে পারে।
ফিডারের বিল্ট-ইন স্কেল খাবার পরিবেশনের পরিমাণের পাশাপাশি বাটিতে কতটা খাবার অবশিষ্ট আছে তা মাপতে পারে। ফলে বিড়াল আসলে কতটা খাবার খেয়েছে তার হিসাব পাওয়া যায়। এটি খাবার গ্রহণের পরিমাণ, খাওয়ার সময়, কতবার খেয়েছে, পছন্দের সময় এবং খাওয়ার গতি সংরক্ষণ করে।

সঙ্গী অ্যাপের মাধ্যমে এসব তথ্য দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক হিসেবে দেখা যায়। ফলে বিড়ালের স্বাভাবিক খাওয়ার অভ্যাসে পরিবর্তন হলে তা সহজে শনাক্ত করা সম্ভব হতে পারে।
ফিডারটিতে স্মার্ট রিফিল ও শিডিউলড নামে দুটি খাবার পরিবেশন পদ্ধতি রয়েছে। স্মার্ট রিফিল মোডে সারা দিনে অল্প অল্প করে খাবার দেওয়া হয় এবং নির্ধারিত দৈনিক সীমা পূরণ হলে তা বন্ধ হয়ে যায়। শিডিউলড মোডে নির্দিষ্ট সময় ও পরিমাণ অনুযায়ী খাবার দেওয়া যায়। প্রয়োজনে ম্যানুয়াল বোতাম চাপেও খাবার দেওয়া যাবে।
গ্র্যানারি ২ ভিশনের এআই ক্যামেরা খাবার খাওয়া বিড়াল শনাক্ত করে সংশ্লিষ্ট প্রোফাইলে তথ্য যুক্ত করে। নির্দিষ্ট বিড়াল শনাক্ত হওয়ার পরই ফিডারের খাবারের অংশ খুলবে। ফলে আলাদা খাদ্যতালিকা বা ওজন নিয়ন্ত্রণের প্রয়োজন এমন বিড়ালের খাবারও আলাদাভাবে পর্যবেক্ষণ করা যায়।
ক্যামেরাটিতে ১০৮০ পিক্সেল রেজল্যুশনের পাশাপাশি নাইট ভিশন রয়েছে। অ্যাপের মাধ্যমে দূরে থেকেও বিড়ালের খাবার খাওয়ার পরিস্থিতি দেখা যায়। রয়েছে দ্বিমুখী অডিও এবং আগে থেকে রেকর্ড করা বার্তা চালানোর সুবিধা।
খাবার কমে গেলে, ব্যাটারির চার্জ কম থাকলে বা খাবার আটকে গেলে ফিডারটি অ্যাপে সতর্কবার্তা পাঠায়। বিদ্যুৎ চলে গেলেও কাজ চালিয়ে নিতে এতে রিচার্জেবল ব্যাকআপ ব্যাটারি রয়েছে।
তবে কিছু উন্নত সুবিধার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। স্বাস্থ্য পর্যবেক্ষণের কিছু সুবিধায় পেটলিব্রো কেয়ার সাবস্ক্রিপশন বছরে ৫৯ দশমিক ৯৯ ডলার থেকে শুরু। ক্যামেরার ক্লাউড রেকর্ডিং ও ভিডিও দেখার জন্য ভিডিও ক্লাউড প্ল্যানের দাম বছরে ১১৯ দশমিক ৯৯ ডলার।