ইউএসবি ড্রাইভে রাখা যায় নেটওয়ার্ক সমস্যার ৪ সমাধান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১

ইউএসবি ড্রাইভে রাখা যায় নেটওয়ার্ক সমস্যার ৪ সমাধান

পুরোনো ইউএসবি ড্রাইভে জায়গা কম থাকলেও সেটিকে ফেলে না দিয়ে নেটওয়ার্ক ও কম্পিউটারের সমস্যা সমাধানের প্রয়োজনীয় সফটওয়্যার রাখার কাজে ব্যবহার করা যায়। বিশেষ করে ইন্টারনেটের গতি কমে যাওয়া, নেটওয়ার্কে থাকা যন্ত্র খুঁজে বের করা বা ডিএনএস-সংক্রান্ত সমস্যা সমাধানে কয়েকটি পোর্টেবল টুল কাজে লাগতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্সের এক প্রতিবেদনে চারটি নেটওয়ার্ক টুল ইউএসবি ড্রাইভে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো ইনস্টল না করেও প্রয়োজনের সময় ব্যবহার করা যায়।

ওয়্যারশার্ক পোর্টেবল (Wireshark Portable)

ডেটা প্যাকেট বিশ্লেষণ

নেটওয়ার্কে কোন ডিভাইস বা অ্যাপ কতটা তথ্য আদান-প্রদান করছে তা দেখতে ওয়্যারশার্ক ব্যবহার করা যায়। ইন্টারনেট ধীর হয়ে গেলে অতিরিক্ত ডেটা ব্যবহারকারী যন্ত্র বা অ্যাপ শনাক্ত করতে এটি কাজে লাগে। নেটওয়ার্কে অপরিচিত যন্ত্র বা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও সফটওয়্যারটি ব্যবহার করা যায়।

এনম্যাপ (Nmap)

নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ও ওপেন পোর্ট খুঁজে বের করা

নেটওয়ার্কে কোন কোন ডিভাইস যুক্ত আছে এবং সেগুলোর কোন পোর্ট ওপেন রয়েছে তা জানতে এনম্যাপ ব্যবহার করা যায়। স্মার্ট প্লাগ, গৃহস্থালির স্মার্ট যন্ত্র বা অন্য কোনো আইওটি ডিভাইস নেটওয়ার্কে ঠিকভাবে যুক্ত আছে কি না, তা যাচাইয়েও এটি কাজে লাগে। খোলা পোর্ট শনাক্ত করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে আগেভাগে ধারণা নেওয়া যায়।

ডিএনএস জাম্পার (DNS Jumper)

দ্রুত ডিএনএস সার্ভার পরিবর্তন

ইন্টারনেটের গতি বা নির্দিষ্ট ওয়েবসাইট লোড হওয়ার সমস্যা সমাধানে বিভিন্ন ডিএনএস সার্ভার পরীক্ষা করে দেখা যায়। ডিএনএস জাম্পারের মাধ্যমে ক্লাউডফ্লেয়ারের ১.১.১.১ ও গুগল ডিএনএসের মতো বিভিন্ন সার্ভারের মধ্যে দ্রুত পরিবর্তন করা যায়। ফলে কোন ডিএনএস সার্ভার ব্যবহার করলে সংযোগ ভালো কাজ করছে, তা সহজে পরীক্ষা করা সম্ভব।

নেটরেসভিউ (NetResView)

নেটওয়ার্কের সব রিসোর্স এক জায়গায়

স্থানীয় নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার, প্রিন্টার, আইওটি ডিভাইস এবং শেয়ার করা ফাইল ও ফোল্ডার খুঁজে দেখতে নেটরেসভিউ ব্যবহার করা যায়। কোনো কম্পিউটার বা প্রিন্টারে প্রবেশ করতে সমস্যা হলে নেটওয়ার্ক সংযোগ ও অনুমতির অবস্থা যাচাই করতেও এটি কাজে লাগে।

পুরোনো ইউএসবি ড্রাইভে এসব টুল রাখলে প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যাবে। চাইলে একই ড্রাইভে নতুন কম্পিউটার সেটআপের প্রয়োজনীয় সফটওয়্যার, ড্রাইভার ও কনফিগারেশন ফাইলও রাখা যায়।