নতুন প্রজন্মের ওয়াই-ফাই ৮ রাউটার এনেছে টিপি-লিংক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩

নতুন প্রজন্মের ওয়াই-ফাই ৮ রাউটার এনেছে টিপি-লিংক

ওয়াই-ফাই ৮-এর আনুষ্ঠানিক অনুমোদন এখনো না হলেও নতুন প্রজন্মের এই প্রযুক্তির রাউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে টিপি-লিংক। আইএফএ ২০২৬-এ প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ওয়াই-ফাই ৮ প্রযুক্তির রাউটার আর্চার ৮ আল্ট্রা এবং ডেকো ৮ আল্ট্রা মেশ সিস্টেম উন্মোচন করেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাম্বিয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাউটার দুটি ইইইই ৮০২.১১বিএন (IEEE 802.11bn) মানের ওপর ভিত্তি করে তৈরি। তবে এই মান এখনো আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সাধারণত কোনো ওয়াই-ফাই মান চূড়ান্ত হতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে। ফলে অসম্পূর্ণ মানের ওপর ভিত্তি করে হার্ডওয়্যার বাজারে আনার ক্ষেত্রে টিপি-লিংক প্রথম দিকের নির্মাতাদের একটি।

রাউটার দুটিতে টিপি-লিংকের নতুন স্ট্যাবিলিটি ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঘরের প্রান্তে দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, একাধিক যন্ত্র সংযুক্ত থাকায় নেটওয়ার্কে চাপ এবং সিগন্যালের বিঘ্নের কারণে সংযোগের গতি কমে যাওয়ার মতো সমস্যা সমাধানে প্রযুক্তিটি কাজ করবে।

স্ট্যাবিলিটি ইঞ্জিনে বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এনহ্যান্সড লং রেঞ্জ ও ডিস্ট্রিবিউটেড রিসোর্স ইউনিটস প্রযুক্তি দূরের যন্ত্রে সিগন্যাল পৌঁছাতে সহায়তা করবে। নন-প্রাইমারি চ্যানেল অ্যাকসেস প্রযুক্তি একাধিক যন্ত্র একই নেটওয়ার্ক ব্যবহার করলেও সংযোগ সচল রাখতে কাজ করবে। আর আনইকুয়াল মডুলেশন প্রযুক্তি সিগন্যালের বিঘ্নের মধ্যেও ডেটা স্থানান্তরের গতি স্থিতিশীল রাখবে।

আর্চার ৮ আল্ট্রা একটি ট্রাই-ব্যান্ড রাউটার। এতে সর্বোচ্চ ১৯ গিগাবিট প্রতি সেকেন্ড সম্মিলিত ওয়্যারলেস গতি এবং ১০ গিগাবিট প্রতি সেকেন্ড তারযুক্ত ডেটা স্থানান্তর গতি পাওয়া যাবে। রাউটারটিতে ১৮টি অভ্যন্তরীণ অ্যান্টেনা রয়েছে, যা পুরো বাড়িতে স্থিতিশীল নেটওয়ার্ক কাভারেজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

অন্যদিকে, ডেকো ৮ আল্ট্রা একটি ট্রাই-ব্যান্ড মেশ সিস্টেম। এতে সর্বোচ্চ ২২ গিগাবিট প্রতি সেকেন্ড সম্মিলিত ওয়্যারলেস গতি এবং ১০ গিগাবিট প্রতি সেকেন্ড তারযুক্ত সংযোগ সুবিধা রয়েছে। তিনটি ইউনিটের প্যাকেজে প্রায় ৯ হাজার ৮০০ বর্গফুট এলাকায় নেটওয়ার্ক কাভারেজ দেওয়া যাবে। একই সময়ে ২০০টির বেশি যন্ত্র এই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে

ঘরে দৃশ্যমানভাবে রাখার উপযোগী রাউটার

স্ট্যাবিলিটি ইঞ্জিনের পাশাপাশি রাউটার দুটির নকশাতেও পরিবর্তন এনেছে টিপি-লিংক। সাধারণ রাউটারে থাকা খোলা অ্যান্টেনার বদলে আর্চার ৮ আল্ট্রায় দুই রঙের গ্রিল ও সহনীয় আলোযুক্ত স্ট্যাটাস ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। ফলে রাউটারটি আলমারি বা অন্য কোনো আড়ালে রাখার পরিবর্তে ঘরের দৃশ্যমান স্থানে রাখার উপযোগী করে তৈরি করা হয়েছে।

ডেকো ৮ আল্ট্রাতেও একই ধরনের নকশা দেখা যায়। কমপ্যাক্ট ও বাঁকানো প্রান্তের নকশার সঙ্গে এতে ম্যাট বডি এবং চকচকে ওপরের অংশ রাখা হয়েছে।

টিপি-লিংকের প্রধান শিল্পনকশাবিদ গ্যারি চ্যাং বলেন, ‘প্রতিষ্ঠানটি শুধু নেটওয়ার্কিং যন্ত্র হিসেবে রাউটার তৈরি না করে ঘরের অংশ হিসেবে নকশা করেছে। তার মতে, রাউটারের নকশা এমন হলে মানুষ সেটি ঘরের দৃশ্যমান স্থানে রাখবেন, যেখানে এটি নেটওয়ার্কের দিক থেকেও সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারবে।’

যখন থেকে পাওয়া যাবে

টিপি-লিংক জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর তাদের নিজস্ব অনলাইন স্টোরে আর্চার ৮ আল্ট্রার প্রি-অর্ডার শুরু হবে। একই দিনে ওয়াই-ফাই ৮ সিরিজের আরও পণ্যের বিস্তারিত জানাতে একটি বৈশ্বিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রাথমিক দুই পণ্যের বাইরে ২০২৭ সালের শুরুতে আলাদা ডেকো ৮ মেশ সিস্টেম বাজারে আনার পরিকল্পনা রয়েছে টিপি-লিংকের। এরপর রোম ৮ ট্রাভেল রাউটার এবং ওয়াই-ফাই ৮ এক্সটেন্ডার ও অ্যাডাপ্টারের একটি সিরিজ আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

তবে আর্চার ৮ আল্ট্রা ও ডেকো ৮ আল্ট্রার দাম এবং কোন কোন অঞ্চলে এগুলো পাওয়া যাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি টিপি-লিংক। স্থানীয় বিধিনিষেধ মেনে ডেকো ৮ আল্ট্রার নির্দিষ্ট মডেল নাম ও নির্ধারিত গতি অঞ্চলভেদে আলাদা হতে পারে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন