বিএসআইএ-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১

বিএসআইএ-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার।

সভায় গত এক বছরে সংগঠনটির বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। দক্ষ সেমিকন্ডাক্টর জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সভায় গত বছরের ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগও চূড়ান্ত করা হয়।

সভায় বিএসআইএ’র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোজাহেদুল হক আবুল হাসানাত ২০২৫-২৬ অর্থবছরের হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের পরিচালক মুনির আহমেদ ও কামরুল আহসান দেওয়ানজী আলোচনায় অংশ নেন।

এজিএমে নিউরাল সেমিকন্ডাক্টর, উলকাসেমি, তাফুরি টেকনোলজিস, আইটেস্ট বাংলাদেশ, সিলিকোনোভা, ডায়নামিক সল্যুশন ইনোভেটরস, বালু টেকনোলজিস, প্রাইম সিলিকন টেকনোলজি, ক্যাকটাস ম্যাটেরিয়ালস, ক্রান্তি অ্যাসোসিয়েটস, এসিআই সেমিকন্ডাক্টর, এডিএন সেমিকন্ডাক্টরস ও সিলিকন অ্যারের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ২০৩০ সালকে লক্ষ্য ধরে একটি সমন্বিত সেমিকন্ডাক্টর শিল্পের রোডম্যাপ প্রণয়নের বিষয়ে সদস্যরা পরামর্শ দেন। শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি ইভেন্টে অংশগ্রহণ এবং বৈশ্বিক বাজারে নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

সদস্যদের মতামত ও সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশে আরও শক্তিশালী, বৈশ্বিকভাবে সংযুক্ত ও প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন