গণিতবিদদের অভিযোগে নতুন করে বিতর্কে ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯

গণিতবিদদের অভিযোগে নতুন করে বিতর্কে ওপেনএআই

গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ওপেনএআইকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২৫ জন শীর্ষস্থানীয় গণিতবিদ অভিযোগ- বিখ্যাত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে এআই প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা গবেষণার স্বীকৃতি ও উন্মুক্ত গবেষণার সংস্কৃতির জন্য হুমকি তৈরি করছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদের সবাই ফিল্ডস পদকজয়ী। চলতি সপ্তাহে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ত্রিস্তান বাকমাস্টার অভিযোগ করেন, অ্যানথ্রপিকে কর্মরত এক সহযোগীর অবদান উল্লেখ না করতে ওপেনএআই তাকে চাপ দিয়েছিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গবেষকদের কোডেক্স ব্যবহারের তথ্য কাজে লাগিয়েই কি ওপেনএআই তাদের আলোচিত নেভিয়ার-স্টোকস প্রমাণ তৈরি করেছে। তবে ওই প্রমাণ এখনো যাচাই করা হয়নি।

বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ক্যালটেকের একটি গণিত বিষয়ক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গবেষকদের সমালোচনার পর এ সিদ্ধান্ত আসে

গণিতবিদদের খোলা চিঠিতে বলা হয়েছে, এআই দিয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান মানবজাতির জন্য উপকারী হতে পারে। তবে সমাধানগুলো গণিতবিদদের মাধ্যমে যথাযথভাবে যাচাই, ব্যাখ্যা ও গবেষণার ধারায় যুক্ত করা জরুরি। দ্রুত সমাধান প্রকাশের কারণে আগের গবেষণার স্বীকৃতি এবং নতুন পদ্ধতি শনাক্ত করার সুযোগ কমে যাচ্ছে বলেও তারা মনে করছেন।

গবেষকদের আশঙ্কা, কোডেক্সে তাদের গবেষণার ব্যবহার ভবিষ্যতে ওপেনএআইয়ের নতুন মডেল উন্নয়নে কাজে লাগতে পারে। বড় এআই প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ ব্যয় করে কোনো গবেষকের আগে গাণিতিক সমাধান বের করার চেষ্টা করলে গবেষণার তথ্য গোপন রাখার প্রবণতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা।

এর আগে জুনে গণিতবিদদের একটি দল লেইডেন ঘোষণা প্রকাশ করে এআইয়ের তৈরি প্রমাণ গণিতের গবেষণাক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনতে পারে এবং এ বিষয়ে গণিতবিদ, প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের করণীয় তুলে ধরেছিল।

গণিতবিদদের মতে, গণিতের মূল্য শুধু কোনো সমস্যার সমাধান বা কৃতিত্বে সীমাবদ্ধ নয়। নতুন ধারণা তৈরি, শিক্ষার্থীদের শেখানো এবং জ্ঞানকে বৃহত্তর মানবসমাজের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ। এআইয়ের কারণে কাজের ধরন বদলালেও এই বৃহত্তর উদ্দেশ্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক করেছেন তারা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন