পাসওয়ার্ড ও পাসকি স্থানান্তর সহজ করেছে গুগল
অ্যান্ড্রয়েড ফোনে এক পাসওয়ার্ড ম্যানেজার থেকে অন্যটিতে পাসওয়ার্ড ও পাসকি স্থানান্তর সহজ করেছে গুগল। নতুন ব্যবস্থায় সিএসভি ফাইল ডাউনলোড না করেই পুরোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে নতুন অ্যাপে তথ্য স্থানান্তর করা যাবে। অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী সংস্করণে চলা সব ডিভাইসে সুবিধাটি ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ খুলে পুরোনো ম্যানেজার থেকে পাসওয়ার্ড আমদানি বা কপি করার অপশন বেছে নিতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ফোনে থাকা পাসওয়ার্ড ম্যানেজার শনাক্ত করে দুই অ্যাপের মধ্যে তথ্য স্থানান্তরের প্রক্রিয়া সমন্বয় করবে।

স্থানান্তরের আগে কোন তথ্য নতুন অ্যাপে নেওয়া হবে তা পর্যালোচনা করার সুযোগ পাবেন ব্যবহারকারী। কয়েকটি ধাপে অনুমোদন দিলেই তথ্য স্থানান্তর সম্পন্ন হবে।
নতুন ব্যবস্থায় পাসকি স্থানান্তরের সুবিধাও রয়েছে। ফলে নতুন পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পর পাসকি আবার সেটআপ করতে হবে না। একই সঙ্গে সিএসভি ফাইলে তথ্য সংরক্ষণ করে স্থানান্তরের প্রয়োজন না থাকায় এ ধরনের ফাইলের মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকিও এড়ানো যাবে বলে জানিয়েছে গুগল।
সুবিধাটি ইতোমধ্যে গুগলের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার এবং নির্বাচিত কয়েকটি অংশীদার অ্যাপে চালু হয়েছে। বর্তমানে বিটওয়ার্ডেন, ওয়ানপাসওয়ার্ড ও ড্যাশলেন এতে সমর্থিত। ভবিষ্যতে আরও পাসওয়ার্ড ম্যানেজার যুক্ত করা হবে।