কর্মী ছাঁটাই করে স্বয়ংক্রিয় পরিবহনে বিনিয়োগ বাড়াবে উবার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

কর্মী ছাঁটাই করে স্বয়ংক্রিয় পরিবহনে বিনিয়োগ বাড়াবে উবার

প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহ সেবা উবার। বুধবার (২ সেপ্টেম্বর) প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরুশাহী কর্মীদের ই-মেইলে এ সিদ্ধান্ত জানান। ব্যবসা ভালো চললেও প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো সহজ করা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে বিনিয়োগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষে উবারে কর্মী ছিল প্রায় ৩৪ হাজার। নতুন ছাঁটাইয়ের পর কর্মীসংখ্যা ৩০ হাজারের নিচে নেমে আসবে, যা ২০২১ সালের কাছাকাছি। করোনা মহামারির সময় ২০২০ সালের মে মাসে প্রায় ৬ হাজার ৭’শ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি

ছাঁটাইয়ের পাশাপাশি ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীসংখ্যা ২০ শতাংশ কমানো হচ্ছে। প্রধান নির্বাহীর অধীনে সাত বা তার বেশি স্তরে থাকা কর্মীর সংখ্যাও ২০ শতাংশ কমানো হবে। এক বা দুই কর্মী নিয়ে গঠিত ছোট দল বা ‘মাইক্রো-টিম’ কমবে প্রায় অর্ধেক।

উবারের খাবার, খুচরা পণ্য ও সরাসরি সরবরাহ সেবার তিনটি পরিচালন দল একীভূত করা হচ্ছে। প্রযুক্তি বিভাগে মূল সেবা প্রকৌশল ও বিজ্ঞান দলও এক করা হবে।

কর্মীদের কর্মস্থল নীতিতেও পরিবর্তন আনছে উবার। অধিকাংশ দূরবর্তী কর্মীকে কার্যালয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রায় ১ শতাংশ কর্মী পুরোপুরি দূরবর্তীভাবে কাজ করবেন। তবে সপ্তাহে তিন দিন কার্যালয়ে কাজের বর্তমান নীতি বহাল থাকবে।

খসরুশাহী জানান, ছাঁটাইয়ের মাধ্যমে সাশ্রয় হওয়া অর্থ প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ করা হবে। রোবোট্যাক্সি অংশীদারত্বে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে উবারের। এ খাতে অ্যাভরাইড, লুসিড, নুরো ও রিভিয়ানের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ বছরের শুরু থেকে উবারের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। তবে ছাঁটাইয়ের ঘোষণা আসার পর বুধবার প্রাক্-বাজার লেনদেনে শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। খসরুশাহীর কর্মীদের পাঠানো ই-মেইলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন