বিজ্ঞাপন ব্যবসা ভাঙবে না গুগল, পরিবর্তন আনবে নীতিতে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

বিজ্ঞাপন ব্যবসা ভাঙবে না গুগল, পরিবর্তন আনবে নীতিতে

গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে আলাদা করার নির্দেশ দেয়নি যুক্তরাষ্ট্রের আদালত। তবে প্রতিযোগীদের সুবিধা দিতে প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। বুধবার (২ সেপ্টেম্বর) দেওয়া রায়ে এমন নির্দেশ দিয়েছেন ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক লিওনি এম. ব্রিঙ্কেমা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) কয়েক বছর ধরে গুগলের বিজ্ঞাপন ব্যবসার বিরুদ্ধে দুটি পৃথক প্রতিযোগিতা আইনের মামলা চালিয়ে আসছে। এর মধ্যে ২০২৩ সালের মামলাটি সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা নিয়ে করা হয়।

যুক্তরাষ্ট্রের আদালত গুগলের বিজ্ঞাপন ব্যবসা বিক্রি বা ভেঙে দেওয়ার পরিবর্তে প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসায়িক নীতিতে পরিবর্তনের নির্দেশ দিয়েছে। তবে কীভাবে এই পরিবর্তন করতে হবে, রায়ে তা বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ২০২৪ সালে আরেক মামলায় গুগলের সার্চ ব্যবসা ও সার্চ বিজ্ঞাপনকে অবৈধ একচেটিয়া ব্যবসা হিসেবে ঘোষণা করা হয়। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা গুগলকে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড বিক্রি করার নির্দেশ না দিলেও একচেটিয়া ডিফল্ট সুবিধার চুক্তি বন্ধ এবং প্রতিযোগীদের নির্দিষ্ট সার্চ তথ্য দেওয়ার নির্দেশ দেন।

গুগল আদালতের সর্বশেষ রায়কে নিজেদের জন্য জয় হিসেবে দেখছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড বলেন, ছোট ব্যবসাগুলো যাতে নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে ও ব্যবসা বাড়াতে পারে, সেই প্রযুক্তিগুলো আলাদা করে দেওয়ার প্রস্তাব আদালত প্রত্যাখ্যান করায় তারা সন্তুষ্ট।

গুগলের বিরুদ্ধে মামলার অন্যতম অভিযোগ ছিল, বিভিন্ন ডিভাইস নির্মাতা ও মোবাইল অপারেটরের সঙ্গে একচেটিয়া চুক্তির মাধ্যমে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে ডিফল্ট অবস্থানে রাখা। এসব চুক্তি বিজ্ঞাপন ব্যবসায় গুগলের আধিপত্য আরও শক্তিশালী করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন