চালক নিষ্ক্রিয় পদ্ধতির অনিয়মে উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
চালকদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করার অভিযোগে উবারকে ৮২৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। ইউরোপের সাধারণ তথ্য সুরক্ষা বিধিমালার আওতায় এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ জরিমানা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উবারের বিরুদ্ধে অভিযোগ, পর্যাপ্ত সতর্কতা ও মানবীয় তদারকি ছাড়াই স্বয়ংক্রিয় ব্যবস্থায় চালকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। সংস্থাটির উপপ্রধান মনিক ভারডিয়ের মতে, বড় ধরনের প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত কম্পিউটারের ওপর এককভাবে ছেড়ে দেওয়া উচিত নয়।
উবার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বেশির ভাগ চালকের স্থগিতাদেশ অল্প সময়ের জন্য দেওয়া হয়। কোনো অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার আগে মানবকর্মী তা পর্যালোচনা করেন এবং চালকদের আপিলের সুযোগও রয়েছে।
তবে নেদারল্যান্ডসের নিয়ন্ত্রক সংস্থার দাবি, কিছু চালকের অ্যাকাউন্ট মানবীয় পর্যালোচনা ছাড়াই স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। উবার জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
ফ্রান্সের সাবেক উবার চালক ব্রাহিম বেন আলি ২০১৯ সালে নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার পর আরও ১৭০ চালকের সাক্ষ্য সংগ্রহ করেন। পরে নেদারল্যান্ডসে অভিযোগ করেন তিনি। উবারের ইউরোপীয় সদর দপ্তর দেশটিতে অবস্থিত।
ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সুইস অলাভজনক প্রতিষ্ঠান পার্সোনালডেটা ডট আইও চালকদের এ উদ্যোগে সহায়তা করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পল-অলিভিয়ের দেহায়ে বলেন, একজন চালক হাজার যাত্রা সফলভাবে শেষ করলেও একটি গুরুতর অভিযোগের কারণে বড় ধরনের পরিণতির মুখে পড়তে পারেন।
নেদারল্যান্ডসের নিয়ন্ত্রক সংস্থার উবারের বিরুদ্ধে এটি তৃতীয় জরিমানা। এর আগে ২০২৪ সালে চালকদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ২৯০ মিলিয়ন ইউরো এবং সংশ্লিষ্ট বিষয়ে আরও ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল।
দেহায়ের দাবি, তিনটি জরিমানার পেছনেই একই দল চালকের অভিযোগ রয়েছে। চালকদের ক্ষতিপূরণ আদায়ে উবারের বিরুদ্ধে যৌথ মামলা করার পরিকল্পনাও করছেন তিনি। এ জন্য স্টার্টক্লেইমস নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করছেন দেহায়ে।