মানবাকৃতির রোবটকে বাস্তব কাজে নামাতে চায় চীন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৭:৩২

মানবাকৃতির রোবটকে বাস্তব কাজে নামাতে চায় চীন

মানবাকৃতির রোবট নিয়ে প্রদর্শনী ও বিনিয়োগের উচ্ছ্বাসকে এবার বাস্তব কাজে রূপ দিতে চাইছে চীন। দেশটির নির্মাতারা কারখানা, গুদাম ও বাসাবাড়িতে এসব রোবটের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।

গতকাল (১৯ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া বিশ্ব রোবট সম্মেলনে পার্সেল বাছাই, মোবাইল ফোন বাক্সবন্দী করা ও গৃহস্থালির কাজের মতো বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার দেখানো হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে চীনের তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে দুই হাজারের বেশি পণ্য দেখানো হচ্ছে এবং ১৫০টির বেশি নতুন পণ্য উন্মোচন করা হয়েছে।

চীনের পরিচিত মানবাকৃতির রোবট নির্মাতা ইউনিট্রির শেয়ারবাজারে অভিষেকেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বুধবার সাংহাইয়ে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ছয় গুণ বেড়ে যায়। খুচরা বিনিয়োগকারীদের চাহিদা ছিল প্রাথমিক শেয়ারের প্রস্তাবিত সংখ্যার ৮ হাজার গুণের বেশি।

সম্মেলনে লেজু তাদের রোবটের মাধ্যমে বাক্স ও ছোট পণ্য সরানো ও বাছাইয়ের কাজ দেখিয়েছে। রোবটেরা চীনের পোস্টের বিভিন্ন সরবরাহকেন্দ্রেও পার্সেল বাছাই করছে। ডেক্সফোর্সের রোবট আবার কারখানায় মোবাইল ফোন বাক্সবন্দী করছে

গৃহস্থালির কাজেও রোবট ব্যবহারের পরীক্ষা চলছে। এক্স স্কয়ার রোবট এ বছর শত শত বাড়িতে তাদের রোবট পরীক্ষা করছে এবং আগামী বছর বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা করছে।

চীনের সরকার মানবাকৃতির রোবটকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন উৎস হিসেবে দেখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায়ও এই খাতকে গুরুত্বপূর্ণ মনে করছে দেশটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন