৫০০ শহরে ড্রোনে পণ্য পৌঁছে দেবে অ্যামাজন
চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ শহর ও ছোট শহরে ড্রোনে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে অ্যামাজন। বর্তমানে যেসব এলাকায় সেবা চালু আছে, নতুন সম্প্রসারণ হবে তার প্রায় ছয় গুণ। এ বছর ১০ লাখ ড্রোন ডেলিভারির লক্ষ্যও নিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনের প্রাইম এয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কার্বন মার্চে কর্মীদের এক বৈঠকে এ লক্ষ্য জানান। প্রতিষ্ঠানটি বলেছে, চলতি বছর এখন পর্যন্ত কয়েক লাখ ডেলিভারি হয়েছে এবং প্রতিদিন হচ্ছে কয়েক হাজার।
২০১৩ সালে জেফ বেজোস ৩০ মিনিটের মধ্যে ছোট প্যাকেট পৌঁছে দিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করেন। তবে নিয়ন্ত্রক জটিলতা, কর্মী ছাঁটাই, প্রযুক্তিগত সমস্যা এবং স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে প্রকল্পটির অগ্রগতি ধীর হয়।
২০২৪ সালে দীর্ঘ দূরত্বে ড্রোনে পণ্য সরবরাহের অনুমোদন পায় অ্যামাজন। এরপর ডালাস ও ফিনিক্সের আশপাশের প্রাথমিক বাজার ছাড়িয়ে ১১টি মহানগরে সেবা সম্প্রসারণ করেছে। আরও ছয়টি এলাকায় শিগগির কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
প্রাইম এয়ারের ড্রোন ৫ পাউন্ড বা প্রায় ২ দশমিক ৩ কেজি ওজনের পণ্য ৭ দশমিক ৫ মাইল বা প্রায় ১২ কিলোমিটার দূরে পৌঁছে দিতে পারে। রোবোটিক পণ্য বাছাই কেন্দ্রের সঙ্গে ড্রোন কার্যক্রম যুক্ত করায় পণ্যের পরিসরও বাড়ছে। ডিমের মতো ভঙ্গুর ও দ্রুত নষ্ট হয় এমন পণ্য পরিবহনে প্রত্যাহারযোগ্য তার ব্যবহার করে ধীরে প্যাকেট নামানোর পদ্ধতি পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
ড্রোন ডেলিভারিতে অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী উইং এ বছর ১০ লাখ বাণিজ্যিক ডেলিভারি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ২০টি বাজারে ওয়ালমার্ট ও ডোরড্যাশের মতো অংশীদারের মাধ্যমে সেবা দিচ্ছে তারা।
তবে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে অ্যামাজনের। গত বছরের অক্টোবরে অ্যারিজোনায় দুটি ড্রোন ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তদন্ত চলছে। নভেম্বরে টেক্সাসের ওয়াকোতে আরেকটি ড্রোন ইন্টারনেটের তার ছিঁড়ে ফেলে। যুক্তরাজ্যের ডার্লিংটনেও গত মাসে একটি ড্রোন বাগানে বিধ্বস্ত হয়। এতে কেউ আহত হয়নি।
বর্তমানে প্রাইম এয়ারের বেশির ভাগ পণ্য পৌঁছাতে প্রায় ৬০ মিনিট লাগে। তবে কিছু ক্ষেত্রে অর্ডারের কয়েক মিনিটের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার দাবি করেছে অ্যামাজন।