এয়ারপডসে ক্যামেরা যুক্ত করছে অ্যাপল
ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়ে কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে। এবার অ্যাপলের নতুন সফটওয়্যার পরীক্ষামূলক সংস্করণে পাওয়া একটি ভিডিওতে এমন এয়ারপডসের কার্যক্রম দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ক্যামেরাযুক্ত এয়ারপডস বাজারে আসতে খুব বেশি সময় বাকি নেই।
ম্যাকওএস ২৬.৭-এর পরীক্ষামূলক সংস্করণে ভিডিওটি পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের বরাত দিয়ে ম্যাশেবল জানিয়েছে, ভিডিওতে অ্যাপলের ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ সুবিধার মাধ্যমে এয়ারপডস ব্যবহার করে আশপাশের দৃশ্য সংরক্ষণের পদ্ধতি দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি এয়ারপডস পরে একটি বইয়ের দিকে তাকিয়ে আছেন। ভিডিওর বর্ণনায় বলা হয়, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহারকারী আশপাশের কোনো কিছু পরে দেখার জন্য সংরক্ষণ করতে পারবেন।
এই সুবিধা এয়ারপডসে থাকা ক্যামেরার মাধ্যমে কাজ করতে পারে। ক্যামেরা আশপাশের দৃশ্যের তথ্য সংগ্রহ করে তা অ্যাপলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থায় পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাকওএসের কোডেও ক্যামেরাযুক্ত এয়ারপডসের কার্যকারিতার ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, আশপাশের কোনো বস্তুর বিষয়ে সবচেয়ে নির্ভুল তথ্য পেতে এয়ারপডস যেন ঢাকা না থাকে।
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ক্যামেরাযুক্ত এয়ারপডস শিগগিরই বাজারে আসতে পারে। অ্যাপল সাধারণত সেপ্টেম্বরের শুরুতে নতুন আইফোন উন্মোচন করে। তাই নতুন আইফোনের সঙ্গে এয়ারপডসের এই নতুন সংস্করণও উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।