লিনাক্সের জন্য চ্যাটজিপিটির ডেস্কটপ অ্যাপ আনল ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৪:২৩

লিনাক্সের জন্য চ্যাটজিপিটির ডেস্কটপ অ্যাপ আনল ওপেনএআই
ছবি: টেকক্রাঞ্চ

লিনাক্স ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো আলাদা ডেস্কটপ অ্যাপ উন্মুক্ত করেছে ওপেনএআই। গতকাল (১১ আগস্ট) বিশ্বজুড়ে পরীক্ষামূলক সংস্করণে চালু হওয়া অ্যাপটিতে চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্স ব্যবহারের সুবিধা থাকছে।

লিনাক্স ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির পর এই অ্যাপ নিয়ে এসেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেস্কটপ অ্যাপের ক্ষেত্রে লিনাক্স ছিল সবচেয়ে বেশি অনুরোধ করা প্ল্যাটফর্মগুলোর একটি। নতুন অ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি ও কোডেক্স এখন বড় ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলোতে ব্যবহার করা যাবে।

নতুন অ্যাপটি উবুন্টু ২৪.০৪ ও ২৬.০৪ এলটিএস, ডেবিয়ান ১৩ এবং ফেডোরা ৪৩ ও ৪৪-এর ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যাবে। মঙ্গলবার থেকেই বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

লিনাক্সে শত শত ধরনের ডিস্ট্রিবিউশন থাকলেও ওপেনএআই বেছে নেওয়া এসব সংস্করণ বিভিন্ন ডিস্ট্রোর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। ফলে সংশ্লিষ্ট ডিস্ট্রো বা ‘ফ্লেভার’-এর অনেকগুলোতেও নতুন অ্যাপটি কাজ করার সম্ভাবনা রয়েছে

লিনাক্সে ডেস্কটপ অ্যাপ আনার ক্ষেত্রে অবশ্য ওপেনএআই কিছুটা পিছিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক প্রায় এক মাস আগেই লিনাক্সের জন্য ক্লড ডেস্কটপ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। অ্যানথ্রপিকের অ্যাপ উবুন্টু ২২.০৪ বা পরবর্তী এবং ডেবিয়ান ১২ বা পরবর্তী সংস্করণে ব্যবহার করা যায়।

নতুন অ্যাপের মাধ্যমে লিনাক্সের ওপেন সোর্স ডেভেলপার ও অন্যান্য ব্যবহারকারীদের কাছে চ্যাটজিপিটি এবং কোডেক্স ব্যবহারের সুযোগ আরও সহজ হলো।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন