ক্রোমের এআই এজেন্টে সুবিধার আড়ালে রয়েছে নিরাপত্তাঝুঁকি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:২৪

ক্রোমের এআই এজেন্টে সুবিধার আড়ালে রয়েছে নিরাপত্তাঝুঁকি
ছবি: অ্যান্ড্রয়েড পুলিশ

গুগল ক্রোমে যুক্ত হয়েছে এমন একটি এআই এজেন্ট, যা ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে ঢুকে একাধিক ধাপের কাজ নিজে করতে পারে। ‘স্পার্ক’ নামের এই এজেন্ট ব্যবহারকারীর আগে থেকেই লগ-ইন করা অ্যাকাউন্টে কাজ করার পাশাপাশি অনুমতি পেলে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করেও নতুন সেবায় প্রবেশ করতে পারে। সুবিধাজনক হলেও এতে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

লগ-ইন করা অ্যাকাউন্টেই কাজ করবে এআই

স্পার্ক ক্রোম ট্যাবে কাজ করে। ফলে ব্যবহারকারী যেসব ওয়েবসাইটে আগে থেকেই লগ-ইন করে রেখেছেন, সেগুলোতে এআই এজেন্ট ব্যবহারকারীর পরিচয়েই কাজ করতে পারে। অনুমতি দিলে ক্রোমে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করে নতুন সেবায় লগ-ইনও করতে পারে। তবে গুগলের দাবি, মূল পাসওয়ার্ডের লেখা এআই মডেলের কাছে যায় না।

ওয়েবপেজ থেকেই আসতে পারে বিপদ

এ ধরনের এআই এজেন্টের বড় ঝুঁকি ‘প্রম্পট ইনজেকশন’। কোনো ওয়েবপেজের স্বাভাবিক লেখার মধ্যে লুকানো নির্দেশনা এআই এজেন্ট পড়ে সেটিকে ব্যবহারকারীর নির্দেশনা হিসেবে অনুসরণ করতে পারে। গবেষকেরা ইতোমধ্যে এ ধরনের আক্রমণে এআই এজেন্টকে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত কাজ করানোর ঘটনা দেখিয়েছেন।

গুগলও এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রোমে নতুন নিরাপত্তাব্যবস্থা যুক্ত করেছে। এজেন্টের কিছু কাজের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমোদন চাওয়া এবং নির্দিষ্ট কাজের বাইরে এজেন্টের কার্যক্রম সীমিত রাখার ব্যবস্থা রয়েছে

গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে সতর্কতা

এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে আলাদা ক্রোম প্রোফাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ব্যক্তিগত ব্রাউজিং ইতিহাস, সংরক্ষিত পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের তথ্য না রাখাই নিরাপদ। বিশেষ করে ব্যাংকিং, চিকিৎসাসংক্রান্ত সেবা ও প্রধান ই-মেইল অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এআই এজেন্টকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

বর্তমানে ক্রোমের স্বয়ংক্রিয় ব্রাউজিং সুবিধা যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন