ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি ঠেকাতে নতুন সতর্কবার্তা দিয়েছে এফবিআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৩:০৭

ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি ঠেকাতে নতুন সতর্কবার্তা দিয়েছে এফবিআই
ছবি: টেকক্রাঞ্চ

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে ব্যবহারকারীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি-ভিডিও চুরি করছে সাইবার অপরাধীরা। পরে এসব ছবি অনলাইনে প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের হয়রানি ও অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এমন কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এফবিআইয়ের সতর্কবার্তা অনুযায়ী, অপরাধীরা মূলত সামাজিক প্রকৌশল কৌশল ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ফাঁস হওয়া বা আগে ব্যবহৃত পাসওয়ার্ড দিয়েও বিভিন্ন অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে তারা।

অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের কর্মী সেজেও ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করছে। ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মের কর্মী পরিচয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কথা বলে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ফিশিং হামলাও চালানো হচ্ছে। এসব ওয়েবসাইট দেখতে আসল সামাজিক যোগাযোগমাধ্যমের লগ-ইন পেজের মতো। সেখানে ব্যবহারকারী লগ-ইন করলেই পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য অপরাধীদের হাতে চলে যেতে পারে

অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পাওয়ার পর চুরি করা ছবি-ভিডিও অনলাইনে প্রকাশের হুমকি দেওয়া হচ্ছে। এফবিআই বলছে, ভুক্তভোগীরা হয়রানি, যৌন হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা, অনুসরণ ও অন্যান্য লক্ষ্যভিত্তিক হামলার শিকার হতে পারেন।

তরুণদের মধ্যে এ ধরনের হামলার ঝুঁকি বিশেষভাবে বেশি বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মতো প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল থাকা ব্যক্তিরাও অপরাধীদের লক্ষ্য হতে পারেন।

নিরাপদ থাকতে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে এফবিআই। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পাশাপাশি দ্বি-স্তরীয় নিরাপত্তা বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয়ে কেউ হঠাৎ যোগাযোগ করলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে সংস্থাটি। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি অনলাইন অ্যাকাউন্টে সংরক্ষণ না করার আহ্বান জানিয়েছে এফবিআই

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন