এআই, সেমিকন্ডাক্টর ও বায়োটেকে বিনিয়োগে আহ্বান ফকির মাহবুব আনামের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪

এআই, সেমিকন্ডাক্টর ও বায়োটেকে বিনিয়োগে আহ্বান ফকির মাহবুব আনামের
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশের ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি গড়ে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি ও রোবোটিক্সকে কেন্দ্র করে। এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

শনিবার রাজধানীর বিজয় স্মরণীর নভোথিয়েটারে অনুষ্ঠিত জাতীয় সেমিকন্ডাক্টর সামিটে বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এসব প্রযুক্তি শুধু উদ্ভাবনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হয়ে উঠছে।’

তিনি বলেন, 

মন্ত্রী আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবার মানোন্নয়নে ভূমিকা রাখছে। একইভাবে বায়োটেকনোলজি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সংরক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করছে। রোবোটিক্স ও আধুনিক ইলেকট্রনিক্স উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে সহায়ক হবে।’

ফকির মাহবুব আনাম জানান, জাতীয় বায়োটেক কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত, স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত সহযোগিতা গড়ে তোলা হবে, যাতে গবেষণার ফল শিল্পে রূপান্তর করা যায়।

তিনি বলেন, ‘বাংলাদেশকে জীবপ্রযুক্তি গবেষণা ও শিল্পায়নের আঞ্চলিক কেন্দ্রে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

চীনে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক প্রযুক্তি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কাউকে পিছিয়ে রাখা যাবে না।’

তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গভীর প্রযুক্তি খাতে বিনিয়োগ নতুন শিল্পের বিকাশ ঘটাবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও গভীর প্রযুক্তি কৌশল প্রণয়ন উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন