১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন আনছে ফ্রান্স
ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের উপস্থিতি কমাতে নতুন আইন আনতে যাচ্ছে ফ্রান্স। প্রস্তাবিত এই আইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিলটি পার্লামেন্টের সমন্বয় কমিটির সবুজ সংকেত পেয়েছে এবং এখন চূড়ান্ত অনুমোদনের জন্য আইনসভায় তোলা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট দ্রুত এ উদ্যোগ কার্যকর করতে আগ্রহী। তার লক্ষ্য, আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই নতুন নিয়ম চালু করা। আইনটি কার্যকর হলে ১৫ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত হবে।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বাড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য অনুরূপ নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যা অন্যান্য দেশকে একই পথে হাঁটার প্রণোদনা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নেও এ ধরনের সীমাবদ্ধতার পক্ষে অবস্থান জোরদার হচ্ছে।
প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি নির্দিষ্ট তালিকা নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে ফ্রান্সের তথ্যপ্রযুক্তি কর্তৃপক্ষকে। একই সঙ্গে প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যবস্থার অনুমোদন দেবে দেশের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা।
শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। বিলে উচ্চমাধ্যমিক স্তরে স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণের প্রস্তাব রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের মনোযোগ পাঠে বাড়ে এবং ডিজিটাল নির্ভরতা কমে।