কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় চুক্তির পথে মেটা ও অ্যানথ্রপিক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৫:৫৪

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় চুক্তির পথে মেটা ও অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে মেটা ও অ্যানথ্রপিকের মধ্যে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের একটি চুক্তি হতে পারে।

জানা গেছে, দুই বছরের জন্য মেটার কাছ থেকে কম্পিউটিং শক্তি ব্যবহারের পরিকল্পনা করছে অ্যানথ্রপিক। এ ক্ষেত্রে মাসভিত্তিক অর্থ পরিশোধের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত শর্ত এখনো নির্ধারিত হয়নি এবং প্রয়োজনে আগেই চুক্তি বাতিলের সুযোগ থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে মেটা তাদের বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের পথ তৈরি করতে পারবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে যে বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হচ্ছে, তা পূরণেও এটি সহায়ক হবে।

তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শেষ পর্যন্ত চুক্তি নাও হতে পারে। কারণ, মেটা এখনো পূর্ণাঙ্গভাবে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেওয়ার ব্যবসায় প্রবেশ করেনি, যা আলোচনাকে কিছুটা জটিল করে তুলেছে

এর আগে অ্যানথ্রপিক বড় ডেটা সেন্টারের কম্পিউটিং শক্তি ব্যবহারের জন্য অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে। এতে স্পষ্ট, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল পরিচালনায় অবকাঠামোগত চাহিদা দ্রুত বাড়ছে।

মেটার প্রধান নির্বাহী আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে ক্লাউডভিত্তিক সেবায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বা অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের আগ্রহ দেখাচ্ছে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মেটা, অ্যানথ্রপিকও বিষয়টি নিয়ে মুখ খোলেনি

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন