নেটফ্লিক্স শেয়ারের বড় পতনে হতাশ বিনিয়োগকারীরা
আয় ও রাজস্ব পূর্বাভাস প্রত্যাশার নিচে থাকায় নেটফ্লিক্সের শেয়ারে বড় পতন দেখা গেছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের সম্ভাব্য আয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। প্রতি শেয়ারে আয় হতে পারে ৮২ সেন্ট। তবে বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এর চেয়ে বেশি আয় ও রাজস্ব।
এই ঘোষণার পরপরই লেনদেন-পরবর্তী সময়ে নেটফ্লিক্সের শেয়ারদর উল্লেখযোগ্য হারে কমে যায়। এতে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির দিকে ঝুঁকেছেন।
বিশেষজ্ঞদের মতে, কয়েক বছর ধরে দ্রুত গ্রাহক বাড়লেও এখন সেই প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হয়ে এসেছে। ফলে প্রতিষ্ঠানটি নতুন আয়ের উৎস খুঁজছে। বিজ্ঞাপন, সরাসরি সম্প্রচার এবং গেমিং খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে নেটফ্লিক্স।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভবিষ্যতে তারা দর্শনঘণ্টা সংক্রান্ত প্রতিবেদন বছরে একবার প্রকাশ করবে। এর আগে বছরে দুইবার এই তথ্য প্রকাশ করা হতো। পাশাপাশি ২০২৫ সাল থেকে তারা ত্রৈমাসিক গ্রাহকসংখ্যা প্রকাশ বন্ধ রেখেছে।
সাম্প্রতিক প্রান্তিকে নেটফ্লিক্সের আয় বিশ্লেষকদের প্রত্যাশার কাছাকাছি থাকলেও ভবিষ্যৎ পূর্বাভাস বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেনি। ফলে শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিনোদন খাতে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় নেটফ্লিক্সকে এখন আরও কৌশলী হতে হচ্ছে। নতুন কনটেন্ট, প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞাপনভিত্তিক মডেলের ওপরই অনেকটা নির্ভর করছে তাদের ভবিষ্যৎ সাফল্য।
সূত্র : রয়টার্স