এক্সে সংগীত ব্যবহার নিয়ে বিরোধের অবসান, সমঝোতায় প্রকাশকরা
ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে সংগীত ব্যবহারের বিরোধের অবসান ঘটেছে। ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ও সনি মিউজিকসহ বড় বড় সংগীত প্রকাশনা সংস্থাগুলো এই বিরোধ মিটিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে আদালতের নথিতে জানা গেছে।
টেনেসির একটি ফেডারেল আদালতে উভয় পক্ষ যৌথভাবে প্রকাশনা সংস্থাগুলোর করা মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছে। ওই মামলায় অভিযোগ ছিল, এক্স ব্যবহারকারীদের লাইসেন্স ছাড়া গান প্রকাশ করতে দিয়ে শত শত কপিরাইট লঙ্ঘন করেছে।
একই সঙ্গে টেক্সাসের আরেকটি আদালতে এক্স যে পাল্টা মামলা করেছিল, সেটিও খারিজ করার অনুরোধ করা হয়েছে। ওই মামলায় এক্স অভিযোগ করেছিল, প্রকাশনা সংস্থাগুলো প্রতিযোগিতা বাধাগ্রস্ত করতে একযোগে কাজ করেছে এবং অতিরিক্ত মূল্যে লাইসেন্স নিতে বাধ্য করেছে।
২০২৩ সালে ১৭টি সংগীত প্রকাশনা সংস্থা ন্যাশভিলে এক্সের বিরুদ্ধে মামলা করে। সেখানে প্রায় ১ হাজার ৭০০ কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং ২৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়। মামলায় বলা হয়, এক্স নিয়মিতভাবে ব্যবহারকারীদের কপিরাইট লঙ্ঘন উপেক্ষা করে, যেখানে টিকটক, ফেসবুক ও ইউটিউবের মতো অন্যান্য প্ল্যাটফর্ম যথাযথভাবে লাইসেন্স নিয়ে সংগীত ব্যবহার করে।
২০২৪ সালে আদালত মামলার একটি বড় অংশ খারিজ করে দেয়। তবে সহায়ক কপিরাইট লঙ্ঘনের একটি অভিযোগ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।
এদিকে ২০২৬ সালের জানুয়ারিতে এক্স প্রকাশনা সংস্থাগুলোর বিরুদ্ধে পাল্টা মামলা করে, যেখানে তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে প্রকাশনা সংস্থাগুলো ওই মামলাও খারিজ করার আবেদন জানায়।
সর্বশেষ উভয় পক্ষই আদালতকে মামলাগুলো স্থায়ীভাবে খারিজ করার অনুরোধ জানিয়েছে। এর ফলে একই অভিযোগে ভবিষ্যতে আর নতুন করে মামলা করা যাবে না।
সূত্র : রয়টার্স