গতি নয়, নিরবচ্ছিন্ন সংযোগে জোর দিয়ে আসছে নতুন ওয়াই-ফাই ৮

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১৩:১৫

গতি নয়, নিরবচ্ছিন্ন সংযোগে জোর দিয়ে আসছে নতুন ওয়াই-ফাই ৮

পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ নিয়ে প্রস্তুতি শুরু করেছে চিপ নির্মাতা ও রাউটার প্রস্তুতকারীরা। তবে আগের সংস্করণগুলোর মতো এবার গতি বাড়ানোর দিকে নয়, বরং সংযোগের স্থিতিশীলতা, নির্ভরযোগ্যতা ও কম ল্যাটেন্সির দিকে বেশি জোর দেওয়া হচ্ছে।

নতুন এই মান এখনো চূড়ান্ত হয়নি, তবে ২০২৬ সালের মধ্যেই প্রথম ডিভাইস বাজারে আসতে পারে এবং আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে পারে ২০২৮ সালের দিকে।

বর্তমানে অনেক ব্যবহারকারী এখনো ওয়াই-ফাই ৬ ব্যবহার করলেও, নতুন ডিভাইসগুলোর বেশিরভাগই ইতোমধ্যে ওয়াই-ফাই ৬ই বা ওয়াই-ফাই ৭ সমর্থন করছে। তাই এখনই ওয়াই-ফাই ৮-এ আপগ্রেডের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতের ইন্টারনেট অভিজ্ঞতা কেমন হতে যাচ্ছে, সে বিষয়ে আগাম ধারণা পাওয়া যাচ্ছে এই নতুন মান থেকে।

ওয়াই-ফাই ৮ কী এবং কী পরিবর্তন আনবে

ওয়াই-ফাই ৮, যার প্রযুক্তিগত নাম IEEE 802.11bn, মূলত সংযোগকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল করতে তৈরি করা হচ্ছে। এতে ডিভাইস এক রাউটার থেকে অন্য রাউটারে গেলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি কমবে এবং বাড়ির ভেতরে ডেড জোন বা দুর্বল সিগনালের সমস্যা কমবে। আগের মতো শুধু গতির প্রতিযোগিতা না করে এবার লক্ষ্য হচ্ছে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা।

ওয়াই-ফাই ৭ থেকে ৮ কতটা আলাদা

ওয়াই-ফাই ৭ মূলত উচ্চগতির ইন্টারনেট দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিল, যেখানে একাধিক ব্যান্ড একসঙ্গে ব্যবহার, বড় চ্যানেল ব্যান্ডউইথ এবং কম ল্যাটেন্সির মাধ্যমে দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করা হয়। অন্যদিকে ওয়াই-ফাই ৮ সেই গতি ধরে রেখেই সংযোগকে আরও নির্ভরযোগ্য করার দিকে নজর দিচ্ছে। ওয়াই-ফাই ৮-এ মাল্টি-অ্যাক্সেস পয়েন্ট কো-অর্ডিনেশন বাড়ানো হবে, যাতে একাধিক রাউটার একসঙ্গে কাজ করে আরও স্থিতিশীল নেটওয়ার্ক তৈরি করতে পারে। এছাড়া সিমলেস রোমিং আরও উন্নত হবে, ফলে চলমান অবস্থায় নেটওয়ার্ক বদলালেও সংযোগে বিঘ্ন কম হবে। অর্থাৎ, গতি বাড়ানোর বদলে এবার ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মসৃণ করাই প্রধান লক্ষ্য।

নতুন প্রযুক্তিতে যেসব সুবিধা

নতুন এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু আল্ট্রা হাই রিলায়েবিলিটি বা উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা। এতে একাধিক অ্যাক্সেস পয়েন্টের মধ্যে সমন্বয় বাড়ানো হবে, যাতে তারা একে অন্যের সিগনালে বাধা সৃষ্টি না করে বরং সহযোগিতা করে। পাশাপাশি সিমলেস রোমিং প্রযুক্তির মাধ্যমে ভিডিও স্ট্রিমিং বা কলের সময় সংযোগ বদলের কারণে যে বিঘ্ন ঘটে, তা অনেক কমে আসবে।

এছাড়া লো ল্যাটেন্সি ইন্ডিকেশন সুবিধার মাধ্যমে জরুরি কাজ, যেমন ভিডিও কল বা গেমিং, অগ্রাধিকার পাবে। ফলে একই নেটওয়ার্কে একাধিক কাজ চললেও গুরুত্বপূর্ণ কাজের গতি কমে যাবে না। একই সঙ্গে ব্লুটুথ বা অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির কারণে যে ইন্টারফেয়ারেন্স হয়, সেটিও কমানোর ব্যবস্থা থাকবে। দূরত্ব বেশি হলেও সংযোগ স্থিতিশীল রাখতে এক্সটেন্ডেড লং রেঞ্জ প্রযুক্তিও যুক্ত হচ্ছে।

গতি কতটা বাড়বে

তবে গতি বিবেচনায় ওয়াই-ফাই ৮ বড় কোনো পরিবর্তন আনছে না। ওয়াই-ফাই ৭-এর মতোই সর্বোচ্চ ৪৬ গিগাবিট প্রতি সেকেন্ড গতির সক্ষমতা থাকবে এবং একই তিনটি ব্যান্ড ২.৪, ৫ ও ৬ গিগাহার্টজ ব্যবহার করবে। ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি খুব বড় আপগ্রেড মনে নাও হতে পারে, বিশেষ করে যদি বর্তমান ওয়াই-ফাই ৭ ভালোভাবে কাজ করে।

কবে আসবে ওয়াই-ফাই ৮

নতুন মান চালু হতে সাধারণত চার থেকে পাঁচ বছর সময় লাগে। ওয়াই-ফাই ৭-এর আনুষ্ঠানিক অনুমোদন আসে ২০২৪ সালের শুরুতে, তাই ওয়াই-ফাই ৮-এর পূর্ণ বাস্তবায়ন হতে সময় লাগবে। এরই মধ্যে কিছু কোম্পানি নতুন চিপসেট ও রাউটার তৈরির ঘোষণা দিয়েছে, তবে শুরুর দিকে এসব ডিভাইসের দাম বেশি হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে শুধু রাউটার নয়, স্মার্টফোন, ল্যাপটপ, টিভিসহ অন্যান্য ডিভাইসও আপডেট করতে হবে। তাই সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনই অপেক্ষা করাই যুক্তিযুক্ত। 

সূত্র : ওয়্যার্ড ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন